২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারস্য উপসাগরে বিদেশি একটি জাহাজ আটক করেছে ইরান

পারস্য উপসাগরের জলসীমায় একটি বিদেশি জাহাজ আটক করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2021, 06:22 PM

Updated : 07 Apr 2022, 11:54 PM

জাহাজটি ডিজেল পাচার করছিল বলে শনিবার বাহিনীটির একজন কমান্ডার অভিযোগ করেছেন।

“পাচার করা ডিজেলবাহী একটি বিদেশি জাহাজ আটক করা হয়েছে। পরিদর্শনের পর এতে দেড় লাখ লিটারেরও বেশি পাচার করা ডিজেল পাওয়া গেছে,”” দক্ষিণাঞ্চলীয় পারস্য কাউন্টির নেভাল টাইপ ৪১২ জুলফিকারের কমান্ডার কর্নেল আহমদ হাজিয়ান এমনটি বলেছেন বলে তাকে উদ্ধৃত করে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।

হাজিয়ান জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য জাহাজটির ১১ জন ক্রু সদস্যকে আটক করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি কোন দেশের বা সেটি কখন আটক করা হয়েছে, এসব বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

সাম্প্রতিক বছরগুলোতে পারস্য উপসাগরে বেশ কয়েকটি জাহাজে হামলা হয়েছে এবং কয়েকটি জাহাজ আটক করা হয়েছে। ওই ধারাবাহিকতায় সর্বশেষ এ ঘটনাটি ঘটল বলে মন্তব্য রয়টার্সের।

ইরানের অর্থনীতি রক্ষা করতে তার ইউনিট সাগরে জ্বালানি চোরাচালানের রোধে ‘দ্রুত ও কার্যকরভাবে ব্যবস্থা’ নেবে বলে হাজিয়ান জানিয়েছেন।