২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার জান্তা নেতার জন্য চীনের তদ্বিরের বিরোধিতায় আসিয়ান

আঞ্চলিক একটি সম্মেলনে মিয়ানমারের জান্তা নেতা মিন অং হ্লায়িংকে যোগ দিতে দেওয়ার জন্য দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর (আসিয়ান) কাছে তদ্বির করে তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2021, 10:27 PM

Updated : 07 Apr 2022, 11:53 PM

কূটনৈতিক কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

আগামী ২২ নভেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আয়োজন করতে চলেছেন চীন-আসিয়ান বৈঠক। আর তাতেই মিয়ানমার জান্তা নেতাকে যোগ দেওয়ানোর জন্য তব্দির করতে গত সপ্তাহে সিঙ্গাপুর এবং ব্রুনাইয়ে যান চীনের এশিয়া বিষয়ক বিশেষ দূত সান গুয়োজিয়াং।

কিন্তু আসিয়ানের এই সদস্যদেশগুলোর ঘোর বিরোধিতার মুখে পড়েন তিনি। মিয়ানমার জান্তা নেতা হ্লায়িং ভার্চুয়াল ওই সম্মেলনে অংশ নিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তাকে।

এ পরিস্থিতিতে সান গুয়োজিয়াং এরপর মিয়ানমারের রাজধানী নিপিধোতে এ সপ্তাহান্তে হ্লায়িংয়ের সঙ্গে এক বৈঠকে তাকে জানিয়েছেন যে, আসিয়ানের এই অবস্থান চীনকে মেনে নিতে হয়েছে।

হ্লায়িংয়ের জন্য চীনের তদ্বিরের চেষ্টা সম্পর্কে এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন আঞ্চলিক এক কূটনীতিক। সান এর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “চীন আয়োজিত সম্মেলনে মিয়ানমারের অরাজনৈতিক প্রতিনিধিকে আমন্ত্রণ জানানোর আসিয়ানের নীতিই অনুসরণ করবে।”

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান দশকের পর দশক ধরে সদস্য দেশগুলোর অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ না করা বা সম্পৃক্ত না হওয়ার নীতিই মেনে চলেছে। কিন্তু মিয়ানমারে সামরিক অভ্যুত্থান সেই দৃশ্যপট পাল্টে দিয়েছে।

গত অক্টোবরে মিয়ানমারের কোনও প্রতিনিধির উপস্থিতি ছাড়াই অনুষ্ঠিত হয় আসিয়ান- এর বার্ষিক সম্মেলন। ছয় মাস আগে মিয়ানমারে শান্তি ফেরানোর একটি পরিকল্পনায় রাজি হয়েও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় এবছরের শীর্ষ সম্মেলনে দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইংকে আমন্ত্রণ জানায়নি আসিয়ান।

তবে আসিয়ান জানিয়েছিল, তারা সম্মেলনে মিয়ানমারের জান্তা প্রধানের বদলে একজন অরাজনৈতিক প্রতিনিধিকে স্বাগত জানাবে। কিন্তু সে আহ্বান প্রত্যাখ্যান করে মিয়ানমার বলেছিল, সম্মেলনে তারা কেবল একজন নেতা কিংবা মন্ত্রীর উপস্থিত থাকাটাই মেনে নেবে।

মিয়ানমারে গত ফেব্রুয়ারীর অভ্যুত্থানের পর আবার সংকট এবং গণতন্ত্রের ওপর দমনপীড়ন ফিরে আসায় আসিয়ানের কয়েকটি দেশ এই জোটের সব বৈঠক এবং সম্মেলন থেকে দেশটির অংশগ্রহণ বন্ধ রেখে দেশে শান্তি ফিরিয়ে আনতে জেনারেলদের ওপর চাপ সৃষ্টি করতে চায়।

তাই আগামী সপ্তাহে অনুষ্ঠেয় চীন-আসিয়ান সম্মেলনেও মিয়ানমার প্রশ্নে একই অবস্থান ধরে রাখছে আসিয়ান। চার আঞ্চলিক কূটনীতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জানিয়েছেন, ইন্দোনেশিয়া, ব্রুনাই, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ২২ নভেম্বরের চীন-আসিয়ান বৈঠকে জান্তা নেতা হ্লায়িংকে নিষিদ্ধ করতে চায়।

এই চারটি দেশই মিয়ানমার প্রশ্নে সেই আসিয়ান সম্মেলন অনুষ্ঠানের সময়কার অবস্থানে অটল থাকতে একমত হয়েছে।