উগান্ডায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ৩
উগান্ডার রাজধানী কামপালায় দুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত এবং আরও ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মটরসাইকেলে করে আসা তিন হামলাকারী একটি বোমার বিস্ফোরণ ঘটায় পার্লামেন্টের কাছে; আর অপর বিস্ফোরণটি ঘটায় শহরের পুলিশ সদর দপ্তরের কাছে।
বোমায় মানুষের ছিন্ন-ভিন্ন হয়ে যাওয়া অঙ্গপ্রতঙ্গ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি জানায়, কর্মকর্তারা এই হামলার জন্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর সশস্ত্র গ্রুপ ‘অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস’ (এডিএফ) কে দায়ী করেছেন।
তিন মিনিটের ব্যবধানে দুটি হামলার ঘটনা ঘটে। নগরীর অন্যান্য স্থানে আরও বোমা পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পুলিশের এক মুখপাত্র বলেন, “বোমা হামলার হুমকি এখনও আছে, বিশেষ করে আত্মঘাতী হামলাকারীদের কাছ থেকে। দেশীয় সন্ত্রাসী গোষ্ঠীর আরও সদস্য আছে বলে আমাদের ধারণা। বিশেষ করে এডিএফ এর গড়ে তোলা আত্মঘাতী বোমা স্কোয়াডগুলোর সদস্যরা থাকতে পারে।”
মঙ্গলবার পার্লামেন্টের কাছে বিস্ফোরণের পর এর কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং পার্লামেন্ট সদস্যদের ভবনে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে
পার্লামেন্টের কাছে দাাঁড় করানো গাড়িগুলোতে আগুন ধরে যায় এবং পুলিশ স্টেশনের জানালা ভেঙে যায় বলে জানিয়েছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এডওয়ার্ড ওকোম। হামলায় তিনজন নিহত হওয়া ছাড়াও আহত ৩৩ জনের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
পুলিশ বলছে, হামলা চালিয়েছে এডিএফ সংশ্লিষ্ট দেশীয় একটি সন্ত্রাসী গোষ্ঠী। উগান্ডার দীর্ঘদিনের প্রেসিডেন্ট ইউরি মুসেভেনির বিরোধিতা করে ১৯৯০ এর দশকে গঠিত হয়েছিল এই গোষ্ঠীটি। এরপর থেকে এডিএফ এর চালানো হামলার দায় জঙ্গি গোষ্ঠী আইএস স্বীকার করে নিতে থাকলে গত দশকে আবার এডিএফ এর আবির্ভাব ঘটে।
কামপালায় গত মাসেও একটি বারে হামলার ঘটনা ঘটেছিল। এতে ২০ বছর বয়সী এক তরুণ নিহত হয়। সেই হামলার দায় স্বীকার করেছে ‘অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস’ (এডিএফ)।
সোমালিয়ায় আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গি সংগঠন আল-শাবাব জঙ্গিদের বিরুদ্ধে লড়াইরত আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর অংশ হয়ে কাজ করছে উগান্ডার সেনারাও।
