২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমানিয়ায় কোভিড হাসপাতালে আগুন, ২ রোগীর মৃত্যু

দক্ষিণপূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ২ রোগীর মৃত্যু ও এক নার্স আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2021, 04:14 PM

Updated : 07 Apr 2022, 11:52 PM

বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাতে প্লোয়েস্তি শহরের ওই হাসপাতালে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নিভিয়ে ফেলা হয়।

কর্মকর্তারা জানান, আগুনে হাসপাতালের একটি কক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে; তাৎক্ষণিকভাবে ১৫ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আগুনের সূত্রপাত কীভাবে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার পর্যন্ত রোমানিয়ার হাসপাতালগুলোতে ৩১০ শিশুসহ ১৭ হাজার ৪০০-র বেশি কোভিড রোগী চিকিৎসা নিয়েছেন; এর মধ্যে এক হাজার ৪২৩ জনের চিকিৎসা হয়েছে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে।

রোমানিয়াতে করোনাভাইরাসের টিকাদানের হার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে নিচের দিক থেকে দ্বিতীয়; অন্যদিকে কোভিডে মৃত্যুহার অনেক।

অক্টোবরজুড়ে রোমানিয়ায় সংক্রমণের হারে ঊর্ধ্বগতি দেশটির হাসপাতালগুলোর ওপরও প্রবল চাপ সৃষ্টি করেছে। ওই মাসে পূর্বাঞ্চলীয় শহর কনস্তান্তায় একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছিল।

ফেব্রুয়ারিতে রাজধানী বুখারেস্টে একটি অগ্নিকাণ্ডে ৪ রোগীর প্রাণ গিয়েছিল।