মাদক পাচার মামলায় মালয়েশীয়র ফাঁসি স্থগিত করল সিঙ্গাপুর
সিঙ্গাপুরে আর একদিন পরই ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল মালয়েশীয় এক মাদক পাচারকারীর। আদালত আপাতত তা স্থগিত করেছে। মালয়েশিয়া এবং মানবাধিকার সংগঠনগুলো বলছে, মৃত্যুদণ্ড পাওয়া এই ব্যক্তি একজন বুদ্ধি প্রতিবন্ধী।
নাগেন্দ্রন কে দামালিঙ্গম নামের ৩৩ বছর বয়সী এই মালয়েশীয় ২০০৯ সালে স্বল্প পরিমাণ (৪২.৭ গ্রাম) হেরোইন সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য গ্রেপ্তার হন। ওই হেরোইন তার উরুতে বাঁধা ছিল।
বিচারে দামালিঙ্গমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। চিকিৎসা বিশেষজ্ঞের মূল্যায়নে দামালিঙ্গমের আইকিউ স্বীকৃত মাত্রার চেয়ে কম (৬৯) বলা হলেও সিঙ্গাপুর সরকারের ভাষ্য ছিল, “সে জেনেবুঝেই ওই কাজ করেছে। কাজটি ঠিক না ভুল সেটি বোঝার ক্ষমতা সে হারায়নি।”
তবে দামালিঙ্গমের আইনজীবী রবি বলছেন, তার মক্কেল মাদক পাচারের শিকার হয়েছেন। তিনি কী করছেন তা বোঝার ক্ষমতা তার ছিল না। তাকে মুক্তি দেওয়া উচিত এবং চিকিৎসা করানো প্রয়োজন।
বিবিসি জানায়, আগামী বুধবারই ফাঁসিতে ঝুঁলিয়ে দামালিঙ্গমের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সোমবার সিঙ্গাপুরের হাই কোর্ট তা স্থগিত করার আদেশ দিয়েছে।
অসুস্থ একজন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর ‘অসাংবিধানিক’ ঘোষণার জন্য আদালতে আবেদন করেছিলেন আইনজীবী রবি। আদালত সোমবার এ আবেদন খারিজ করে দিয়েছে। তবে মৃত্যুদণ্ড কার্যকরে স্থগিতাদেশ দিয়েছে।
আদালতের এ সিদ্ধান্ত নিয়ে আরেকটি আপিলের শুনানি না হওয়া পর্যন্ত ফাঁসি স্থগিত থাকবে। কিন্তু আপিল কোর্ট আবার সেই আপিলও খারিজ করে দিলে এই স্থগিতাদেশ উঠে যাবে।
সিঙ্গাপুরের প্রেসিডেন্টের কাছে দামালিঙ্গমকে ক্ষমা করে দেওয়ার আবেদন জানিয়ে এরই মধ্যে একটি পিটিশনে সই করেছে ৬০ হাজারের বেশি মানুষ। তারা বলছে, মানসিক প্রতিবন্ধী একজন মানুষের মত্যুদণ্ড কার্যকর করা আন্তর্জাতিক মানবাধিকার আইনে নিষিদ্ধ।
স্যোশাল মিডিয়াতেও বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই দামালিঙ্গমের মৃত্যুদণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন, আবার কেউ দেখাচ্ছেন সহানুভূতি।
সিঙ্গাপুরে মাদকদ্রব্য সংক্রান্ত আইন খুবই কঠোর। সেখানে স্বল্প পরিমান মাদক বহনের জন্যও মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আছে এবং এ নিয়ে দেশটিতে তেমন কোনও বিতর্কও নেই।
