২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে জাতিসংঘের হস্তক্ষেপ চায় পাঁচ শতাধিক সংগঠন

মিয়ানমারের চিন রাজ্যে ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছে ৫০০’টির বেশি নাগরিক অধিকার সংগঠন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Nov 2021, 10:32 PM

Updated : 07 Apr 2022, 11:50 PM

মিয়ানমারে সেনা শাসনের বিরুদ্ধে প্রতিরোধের সম্মুখভাগে চলে এসেছে গোলযোগপূর্ণ এই সীমান্ত অঞ্চলটি।

স্থানীয় সংবাদমাধ্যম, জাতিসংঘ প্রতিবেদন এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর চিন রাজ্যে গড়ে ওঠা মিলিশিয়া গোষ্ঠীগুলোকে মোকাবেলায় সেখানে অভিযান চালাতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হয়েছে সেনারা।

এ পরিস্থিতিতে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ’ (এইচআরডব্লিউ) ৫২১টি আন্তর্জাতিক এবং দেশীয় সংগঠনের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করেছে।

এই বিবৃতিতে ভারতের সীমান্তবর্তী চিন রাজ্যে আক্রমণ জোরদার হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একটি প্রস্তাবনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

“মিয়ানমারের সামরিক নেতাদের ক্ষমতার পেছনে ছোটার ফলে দেশটিতে সামগ্রিকভাকে গভীর সংকটে পড়া রাজনীতি ও মানবাধিকার পরিস্থিতির পাশাপাশি সৃষ্ট মানবিক সংকট এবং চিন রাজ্যে বাড়তে থাকা হামলা নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক ডাকা বাঞ্ছনীয়,” বলা হয়েছে বিবৃতিতে।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকেই একের পর এক বিক্ষোভ-সহিংসতায় অচলাবস্থা বিরাজ করছে। শাসনকাজ চালাতে হিমশিম খাচ্ছে জান্তা সরকার। জান্তার বিরুদ্ধে গড়ে উঠেছে ছায়া সরকার।

এই সরকারের সঙ্গে হাত মেলানো মিলিশিয়া ও জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছ থেকে সশস্ত্র প্রতিরোধের সম্মুখীন হচ্ছে সামরিক শাসকরা। এই গোষ্ঠীগুলোকে জান্তা সরকার “সন্ত্রাসী” আখ্যা দিয়েছে।

স্থানীয় গণমাধ্যম, সাহায্য সংস্থা এবং প্রত্যক্ষদর্শীরা বলছে, চিন রাজ্যের পশ্চিমাঞ্চলে সাধারণ মানুষের বাড়ি-ঘরে এরই মধ্যে তাণ্ডব চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। থান্টলাং শহরে বহু বাড়ি-ঘর, চার্চ পুড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংস করা হছে ’সেভ দ্য চিলড্রেন' এর কার্যালয়ও।

তবে চিন রাজ্যের পরিস্থিতি নিয়ে জান্তা সরকার কোনও মন্তব্য করেনি। ওই অঞ্চলে হামলার খবরগুলোও নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। সেখানে ইন্টারনেট এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।

স্থানীয় পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সংস্থা বুধবার এক প্রতিবেদনে বলেছে, চিন রাজ্যসহ আশেপাশের মাগওয়ে এবং সাগাইং অঞ্চলে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিপলস ডিফেন্স ফোর্সেস এর লড়াই জোরদার হয়েছে।