২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবকে ৬৫ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরবে এই প্রথম বিপুল অস্ত্র বিক্রির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। মার্কিন পররাষ্ট্রদপ্তর এরই মধ্যে ৬৫ কোটি ডলারের ২৮০ টি আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Nov 2021, 07:50 PM

Updated : 07 Apr 2022, 11:50 PM

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বৃহস্পতিবার একথা জানিয়েছে। এদিন পেন্টাগন কংগ্রেসকেও এই অস্ত্র বিক্রির বিষয়টি জানিয়েছে। অনুমোদন পেলে এটিই হবে বাইডেন প্রশাসনের উপসাগরীয় নীতির আওতায় সৌদি আরবে প্রথম অস্ত্র বিক্রি।

বাইডেন প্রশাসন উপসাগরীয় মিত্র দেশগুলোতে কেবল প্রতিরক্ষা অস্ত্র বিক্রির নীতি নিয়েছে। পররাষ্ট্রদপ্তর ২৬ অক্টোবরেই এই অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন দপ্তরের মুখপাত্র।

ইয়েমেন থেকে সৌদি আরবে চালানো ড্রোন হামলার প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র বলেন, “গত বছর সৌদি আরবের বিরুদ্ধে আন্তসীমান্ত হামলা বাড়ার প্রেক্ষাপটে তাদের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্র বিক্রি করা হচ্ছে।”

গত জানুয়ারিতে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর সৌদি আরবকে সতর্কতার সঙ্গে সমর্থনের নীতি নেন। এর পরিপ্রেক্ষিতে এবার সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিক্রির এই ঘোষণা এল।

মার্কিন পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র বলেন, “ইয়েমেনে সংঘাত বন্ধে বর্তমান মার্কিন প্রশাসনের কূটনৈতিক তৎপরতা এগিয়ে নেওয়ার পক্ষে অবস্থানের সঙ্গে সংগতি রেখেই সৌদি আরবের কাছে ক্ষেপণাস্ত্রগুলো বিক্রির সিদ্ধান্ত হয়েছে।”

“এসব ক্ষেপণাস্ত্র হাতে থাকলে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা থেকে সৌদি আরব নিজেদের সুরক্ষিত রাখার নিশ্চয়তা পাবে”, বলেন তিনি।

ক্ষেপণাস্ত্র বিক্রির নতুন এই সিদ্ধান্তের আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৮০টি অত্যাধুনিক মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এআইএম-১২০সি ক্ষেপণাস্ত্রসহ সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রপাতি এবং সেইসঙ্গে প্রযুক্তি সহায়তাও পাবে সৌদি আরব।