মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে ইথিওপিয়া ছাড়ার অনুমতি
ইথিওপিয়ায় সশস্ত্র সংঘাত তীব্র হতে থাকায় মার্কিন দূতাবাসের জরুরি নয় এমন সরকারি কর্মী ও পরিবারগুলোর সদস্যদের দেশটি ছাড়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিদ্রোহী বাহিনীগুলোর অগ্রগতির মধ্যেই নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে দূতাবাসটি একথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ইথিওপিয়ার বাড়তে থাকা সহিংসতা ও শত্রুতার বিস্তৃতি নিয়ে যুক্তরাষ্ট্র বুধবার ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করার পর এ সিদ্ধান্ত এল। যুদ্ধবিরতির আলোচনার পরিবেশ তৈরির স্বার্থে সামরিক অভিযান বন্ধ রাখার জন্য দেশটির বিবদমান পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য তিগ্রাইয়ের বিদ্রোহী বাহিনীগুলো রাজধানী আদ্দিস আবাবায় দিকে এগিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ জরুরি অবস্থা জারি করেছেন।
বুধবার রাতে তিগ্রাই লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) মুখপাত্র গেতাচিউ রেদা জানিয়েছেন, তাদের বাহিনীগুলো রাজধানী থেকে ৩২৫ কিলোমিটার দূরে আমহারা রাজ্যের কেমিসে শহরে অবস্থান নিয়েছে।
নিজেদের বিবৃতিতে মার্কিন দূতাবাস বলেছে, সংঘাত আরও বাড়তে পারে এবং ইথিওপিয়ায় ভ্রমণ করা নিরাপদ হবে না।
“সশস্ত্র সংঘাত, সামাজিক অশান্তি ও সম্ভাব্য সরবরাহ স্বল্পতার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের মধ্যে জরুরি নয় এমন ও জরুরি-অজরুরি সব কর্মীর পরিবারের সদস্যদের তাদের ইচ্ছানুযায়ী ইথিওপিয়া ছাড়ার অনুমতি দিয়েছে,” বিবৃতিতে বলেছে দূতাবাসটি।
“এর আগে ইথিওপিয়া সরকার সামাজিক অশান্তি চলাকালে ও এরপরে ইন্টারনেট, সেলুলার ডেটা ও টেলিফোন পরিষেবার ওপর বিধিনিষেধ জারি করেছিল অথবা বন্ধ করে দিয়েছিল,” বলেছে তারা।
যুক্তরাষ্ট্র দূতাবাসের এই বিবৃতির বিষয়ে ইথিওপিয়া সরকারের মুখপাত্র লেগেসে টুলুর মন্তব্য নেওয়ার জন্য তাকে ফোন করা হলেও তাৎক্ষণিকভাবে তিনি সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।
