দর্শনার্থীর কোভিড শনাক্ত, বন্ধ হল সাংহাইয়ের ডিজনিল্যান্ড
চীনে সাংহাইয়ের থিম পার্ক ডিজনিল্যান্ড ঘুরে বাড়ি ফেরার পর একজন দর্শনার্থীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেকারণে ডিজনিল্যান্ড অন্তত দুই দিনের জন্য বন্ধ করেছে কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, সোম ও মঙ্গলবারের জন্য ডিজনিল্যান্ড বন্ধ রাখা হচ্ছে। আর এরই মধ্যে সেখানকার সব দর্শনার্থী ও কর্মীদের করোনাভাইরাস পরীক্ষাও করা হচ্ছে।
চীনের গণমাধ্যমে বলা হয়েছে, করোনভাইরাস শনাক্ত হওয়া ওই ব্যক্তি গত শনিবার সাংহাইয়ের ডিজনিল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর অসুস্থ বোধ করায় তিনি কোভিড পরীক্ষা করালে ফল ‘পজিটিভ’ আসে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে থিম পার্কটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যায় পাকটির সব দর্শনার্থীর করোনাভাইরাস পরীক্ষা করা হয়। তাদের সবার ফল ‘নেগেটিভ’ এসেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আগামী ৪-২০ ফেব্রুয়ারিতে চীনে শীতকালীন অলিম্পিক শুরু হবে। তার আগে কোভিড সংক্রমণের হার শূন্যে নামিয়ে আনতে চাইছে দেশটি। কিন্তু চীনে আবার নতুন করে বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণ। সোমবার একদিনেই দেশটিতে ৯২ জনের কোভিড শনাক্ত হয়েছে।
চীনের উহান শহর থেকেই ২০১৯ সালের শেষ দিকে প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল। পরে তা গোটা বিশ্বে ছড়িয়ে যায়। চীনে এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছে ৪,৮৪৯ জনের বেশি মানুষ এবং কোভিড শনাক্ত হয়েছে ১০৯,৬৬৬ জনের।
আর বিশ্বজুড়ে কোভিডে এখন পর্যন্ত ৫০ লাখের বেশি মানুষ মারা গেছে এবং কোভিড শনাক্ত হয়েছে ২৪ কোটি ৭০ লাখের বেশি মানুষের।
