২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় সাংবাদিক নিহত

মেক্সিকোয় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত এক সাংবাদিক হাসপাতালে দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর চিরবিদায় নিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2021, 02:44 PM

Updated : 07 Apr 2022, 11:49 PM

এই নিয়ে মাত্র চার দিনের মধ্যে দেশটিতে দ্বিতীয় আরেকজন সাংবাদিকের অপমৃত্যু হল, কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য গেরেরোর নিজ বাড়ি থেকে শুক্রবার ফটোসাংবাদিক আলফ্রেদো কারদোসোকে অপহরণ করে নিয়ে নিয়ে যাওয়ার পর গুলি করা হয়।   

গুরুতর আহত কারদোসোকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে দুই দিন পর রোববার তার মৃত্যু হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে গেরেরোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর।

এর আগে বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসে রেডিও ব্রডকাস্টার ফ্রেদি লোপেজকে গুলি করে হত্যা করা হয়।    

রয়টার্স জানিয়েছে, কাজের সঙ্গে সম্পর্কিত কোনো কারণে কারদোসোকে হত্যা করা হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি।

বিশ্বে সাংবাদিকদের বধ্যভূমি হয়ে ওঠা দেশগুলোর মধ্যে মেক্সিকো অন্যতম। কারদোসাকে খুনের আগে গত তিন বছরে দেশটিতে অন্তত ২৩ জন সাংবাদিককে খুন করা হয়েছে বলে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন’ গোষ্ঠীটির টালিতে দেখা গেছে।