জি-২০: জলবায়ু প্রশ্নে প্রতিশ্রুতি কম, চেষ্টা চালাতে একমত নেতারা
ইতালির রাজধানী রোমে বিশ্বের ২০টি বৃহত্তম অর্থনীতির দেশের দু’দিনব্যাপী সম্মেলনে নেতারা জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে বিশ্ব উষ্ণায়ন সীমিত রাখার চেষ্টা চালিয়ে যেতে একমত হয়েছেন। তবে তেমন কোনও বাস্তব প্রতিশ্রুতি দেননি।
রোববার গ্লাসগোয় কপ২৬ জলবায়ু সম্মেলন শুরুর আগে দিয়ে শেষ হয়েছে রোমের জি-২০ সম্মেলন। ইতালির আশা ছিল, কপ২৬ কে সামনে রেখে জি-২০ সম্মেলনে নেতারা দৃঢ়সংকল্প নিয়ে কোনও লক্ষ্যস্থির করবেন।
কিন্তু জি-২০ সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে নতুন তেমন কিছুই দেখা যায়নি। এতে আশাহত হয়েছেন জলবায়ু কর্মীরা। সম্মেলনের বিবৃতিতে ‘বাস্তবিক জরুরি উদ্যোগ’ নেওয়ার পরিবর্তে বরং ‘অপর্যাপ্ত কিছু পদক্ষেপের’ প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছে বেসরকারি একটি সংগঠন।
১৯ টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত জি-২০। এই জোটের দেশগুলো বিশ্বে ৮০ শতাংশ কার্র্বন নিঃসরনের জন্য দায়ী। কিন্তু সম্মেলনের যৌথ বিবৃতিতে নেতারা এমনকী ২০৫০ সাল নাগাদ ‘নেট জিরো’তে (গ্রিনহাউজ গ্যাস যতটা সম্ভব কমানো) পৌঁছানো নিয়েও কিছু বলেননি।
তবে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি সম্মেলনের সমাপণী বক্তব্যে বলেছেন, জি-২০’র সব দেশই নেট জিরো তে পৌঁছানোর লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। জলবায়ু পরিবর্তনের বিপর্যয় এড়াতে নেট জিরোর লক্ষ্য পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ বলেই অভিমত বিজ্ঞানীদের।
বিবিসি জানায়, সম্মেলনের বিবৃতিতে এ বছরের শেষ নাগাদ বিশ্বের বিভিন্ন দেশে কয়লা প্রকল্পগুলোতে অর্থায়ন বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কয়লা নির্ভর চীন, ভারত ও রাশিয়ার মতো দেশগুলোর জন্য এ এক কড়া বার্তা। কিন্তু জি-২০ নেতারা তাদের নিজ নিজ দেশে কয়লা বিদ্যুৎ উৎপাদন বন্ধে একমত হননি।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক টুইটে লিখেছেন, আশার মৃত্যু যদিও ঘটেনি, তারপরও ‘অপূর্র্ণ প্রত্যাশা’ নিয়েই তিনি রোম সম্মেলন শেষ করে ফিরে যাচ্ছেন।
এবারের জি-২০ সম্মেলনে প্রাধান্য পেয়েছে জলবায়ু, কোভিড-১৯ মহামারী ও এর কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি পুনরুদ্ধার নিয়ে আলোচনা। কোভিড-১৯ মহামারীতে ভাটার টান শুরু হওয়ায় দুই বছরের মধ্যে এই প্রথম এ দেশগুলোর নেতারা পরস্পরের মুখোমুখি হয়ে কথা বলেছেন।
ইতালির প্রেসিডেন্ট মারিও দ্রাগি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ এসব দেশের নেতাদের স্বাগত জানিয়েছেন। জি-২০ সম্মেলন শেষ করেই নেতারা যোগ দিতে যান গ্লাসগোর কপ২৬ জলবায়ু সম্মেলনে।
