২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি২০: রোম সম্মেলনে জলবায়ু, কোভিড ও অর্থনীতি শীর্ষ এজেন্ডা

বিশ্বের ২০টি বৃহত্তম অর্থনীতির দেশের প্রধানদের দুই দিনব্যাপী সম্মেলন শনিবার ইতালির রাজধানী রোমে শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2021, 08:54 PM

Updated : 07 Apr 2022, 11:48 PM

কোভিড-১৯ মহামারীতে ভাটার টান শুরু হওয়ায় দুই বছরের মধ্যে এই প্রথম এ দেশগুলোর নেতারা পরস্পরের মুখোমুখি হয়ে কথা বলছেন।

ইতালির প্রেসিডেন্ট মারিও দ্রাগি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ এসব দেশের নেতাদের স্বাগত জানিয়েছেন।        

এবারের সম্মেলনে জলবায়ু, কোভিড-১৯ মহামারী ও এর কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি পুনরুদ্ধার নিয়ে আলোচনা প্রাধান্য পাবে, এমনটিই ধারণা করা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্মেলনের প্রথমদিন জলবায়ু পরিবর্তনের বিদ্যমান হুমকি স্বীকার করে নেওয়ার কথা আছে নেতাদের, কিন্তু বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে নতুন কোনো কঠোর প্রতিশ্রুতি দিচ্ছেন না তারা।

রয়টার্স জানিয়েছে, তাদের দেখা এ বিষয়ক একটি খসড়া প্রজ্ঞাপন থেকে ধারণা পাওয়া গেছে, প্রভাবশালী দেশগুলো শুধু জলবায়ু বিষয়ে কিছুটা কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন, কিন্তু কঠোর নতুন লক্ষ্য নির্ধারণে ব্যর্থ হবেন। 

যদিও পরিবেশগত বিপর্যয় প্রতিরোধ করতে এ ধরনের লক্ষ্য নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত জলবায়ু আন্দোলনকারীদের।

কোভিড-১৯ নিয়ে ধারাবাহিক উদ্বেগের কারণে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদ্বয় এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন না। এতে স্কটল্যান্ডের গ্লাসগোতে আসন্ন জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (কপ২৬) আগে জলবায়ু কূটনীতিতে বড় কোনো অগ্রগতির আশা ম্লান হয়ে গেছে। অথচ বাড়তি তাপমাত্রার হুমকি মোকাবেলায় এ সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

রোম ও গ্লাসগোতে আলোচনা কঠিন হতে পারে, শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এমনটি স্বীকার করে নিয়েছেন; কিন্তু সতর্ক করে বলেছেন, সাহসী কোনো পদক্ষেপ না নিলে বিশ্ব সভ্যতা প্রাচীন রোমান সাম্রাজ্যের মতো দ্রুত ভেঙে পড়ে নতুন একটি অন্ধকার যুগের সূচনা হতে পারে।

“আমাদের যে সমঝোতা দরকার তা অর্জন খুব, খুব কঠিন হতে যাচ্ছে,” বলেছেন তিনি।

চূড়ান্ত প্রজ্ঞাপনের খসড়ায় বলা হয়েছে, জি২০ দেশগুলো বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ সেলসিয়াসে সীমিত রাখার জন্য তাদের প্রচেষ্টা জোরদার করার প্রতিশ্রুতি দেবে।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, তাপমাত্রা এরচেয়ে বাড়লে বিপর্যয়কর নতুন জলবায়ু ধরন দেখা দেবে।

এই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নেতারা এই শতাব্দীর মাঝামাঝি নাগাদ কার্বন নির্গমণ শূন্য পর্যায়ে নামিয়ে আনার ‘মূল প্রাসঙ্গিকতা’ স্বীকার করেছেন।

তবে বিশ্বের কিছু বৃহত্তম দূষণকারী দেশের নেতারা এই লক্ষ্যের বিষয়ে এখনও প্রতিশ্রুতিবদ্ধ হননি বলে জানিয়েছে রয়টার্স।

রোমের এ সম্মেলনে জলবায়ু বির্তক প্রথম দিনের অধিকাংশ সময়জুড়েই প্রভাব বিস্তার করে থাকলেও কোভিড-১৯ স্বাস্থ্য সংকট ও অর্থনীতি পুনরুদ্ধার নিয়েও এতে আলোচনা হবে।

নেতারা ২০২২ সালের মধ্যে বিশ্বের ৭০ শতাংশ লোককে করোনাভাইরাসের টিকার আওতায় আনার পরিকল্পনা ও ভবিষ্যৎ মহামারী মোকাবেলায় একটি টাস্কফোর্স গঠনের পরিকল্পনা অনুমোদন করবেন বলে ধারণা করা হচ্ছে।