২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড টিকায় সমতা চান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

কোভিড টিকা প্রাপ্তিতে সমতা চেয়ে গরিব দেশগুলোর সঙ্গে টিকা ভাগ করে নিতে ধনী দেশগুলোকে আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2021, 10:36 PM

Updated : 07 Apr 2022, 11:48 PM

বিবিসি-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। উইদোদো বলেন, গুটিকয়েক দেশ সব টিকা পাবে, আর কিছু দেশ নামমাত্র টিকা পাবে, এমন হওয়া উচিত না।

জি-২০ ও কপ-২৬ সম্মেলনের প্রাক্কালে বিবিসি-কে এই সাক্ষাৎকার দেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। দুই সম্মেলনেই অংশ নেবেন তিনি। বিশ্বনেতাদের সঙ্গে তার সাক্ষাৎ হবে।

বিশ্বে কোভিডে সবচেয়ে বেশি বিপর্র্যস্ত হওয়া দেশগুলোর মধ্যে আছে ইন্দোনেশিয়াও। দেশটিতে একসময় দিনে সর্বোচ্চ ৫০ হাজারের বেশি রোগীও শনাক্ত হয়েছে। যদিও শনাক্তের প্রকৃত সংখ্যা আরও বেশি বলেই ধারণা করা হয়।

সরকারি হিসাবমতে, করোনাভাইরাসে ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫০,০০০ মানুষের।মহামারীর শুরুর দিকে উইদোদো সরকার কোভিডকে বেশি গুরুত্ব দেয়নি বলে অভিযোগ আছে। মহামারী মোকাবিলায় সরকারের ভুলগুলো বিবিসি-র সঙ্গে সাক্ষাৎকারে স্বীকারও করেছেন উইদোদো।

স্বাস্থ্যসেবা কাঠামোর দুর্বলতার কারণে ইন্দোনেশিয়া কোভিড মোকাবেলায় হিমশিম খেয়েছে বলে দাবি করেন তিনি। জাকার্তার প্রেসিডেন্ট ভবন থেকে ভার্চ্যুয়ালি দেওয়া সাক্ষাৎকারে উইদোদো টিকা প্রসঙ্গে বলেন, “সবাই সহায়তা করেছে। তবে আমার মতে, এ সহায়তা যথেষ্ট নয়।”

“এ সংকটের সময় গরিব দেশগুলোকে টিকা পেতে সহায়তা করতে উন্নত দেশগুলোর আরও বেশিকিছু করা উচিত। যাতে আমরা একসঙ্গে এ মহামারীকে জয় করতে পারি।”

ইন্দোনেশিয়ায় স্বাস্থ্যসেবা সংকটের কথা স্বীকার করে উইদোদো বলেন, “আমাদের হাসপাতালগুলো রোগীতে ভর্তি হয়ে গিয়েছিল। আর রোগীর চাপ নিতে পারছিল না। এর কারণে আমাদের দেশে কোভিডে এত মানুষের মৃত্যু হয়েছে।’

তবে ওই দুঃসময় পেরিয়ে ইন্দোনেশিয়ায় এখন করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হয়েছে। সরকারি হিসাবমতে, দেশটিতে করোনাভাইরাস শনাক্ত ও মৃত্যুর সংখ্যা এখন নিম্নমুখী। দেশটিতে কোভিড টিকাদান কর্মসূচিও গতি পেয়েছে।