জলবায়ু সম্মেলনে যাচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কপ২৬ জলবায়ু সম্মেলনে যোগ দিতে গ্লাসগোয় যাচ্ছেন না। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন একথা জানিয়েছে।
বিবিসি জানায়, পুতিনের এই সিদ্ধান্তের কোনও কারণ জানানো হয়নি। তবে ক্রেমলিনের মুখপাত্র বলেছেন,রাশিয়ার ‘গুরুত্বপূর্ণ’ অগ্রাধিকারের বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন।
স্কটল্যান্ডের বৃহত্তম শহর গ্লাসগোতে ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় কপ২৬ জলবায়ু সম্মেলনে জড়ো হবেন বিশ্ব নেতারা।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, “দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, পুতিন গ্লাসগোতে যাচ্ছেন না। তবে আমাদের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের বিষয় হচ্ছে, জলবায়ু পরিবর্তন মোকাবেলা।”
প্রেসিডেন্টের কার্যালয়ের এই ঘোষণার ব্যাপারে পুতিন কোনও মন্তব্য করেননি। তবে গত ১৩ অক্টোবর মস্কোয় একটি আন্তর্জাতিক জ্বালানি ফোরামের বক্তব্যে পুতিন কোনোখানে তার ভ্রমণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোভিড-১৯ মহামারীর বিষয়টি বিবেচ্য বলে জানিয়েছিলেন।
তিনি বলেছিলেন, “আমি কপ২৬ সম্মেলনে সশরীরে উপস্থিত থাকব কিনা জানি না। তবে এতে আমি নিশ্চয়ই অংশ নেব।”
গ্লাসগোর এই জলবায়ু সম্মেলনে চীনের প্রেসিডেন্টেরও যোগ দেওয়ার তেমন সম্ভাবনা নেই। যদিও চীনা কর্মকর্তারা এই পরিকল্পনা পরিবর্তন হওয়ার বিষয়টি একেবারে নাকচও করেননি বলে খবর পাওয়া গেছে।
এর আগে অক্টোবরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও কপ২৬ সম্মেলনে যোগ দেওয়া নিয়ে দোটানায় ছিলেন। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। পরে আন্তর্জাতিক চাপের মুখে মরিসন সম্মেলনে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন।
২০১৫ সালে প্যারিসের জলবায়ু সম্মেলনের পর এবার গ্লাসগোয় সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন হতে চলেছে। ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর পরিকল্পনা জানাতে বলা হয়েছে প্রায় ২শ’ দেশকে।
রাশিয়া এবং বিশ্বের অন্যান্য জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলো কীভাবে এই জ্বালানির ওপর তাদের নির্ভরশীলতা কমানোর সদিচ্ছা দেখায় সম্মেলনে সেটিই লক্ষ্য করবেন পর্যবেক্ষকরা।
