২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোতে কলম্বাসের জায়গায় বসছে আদিবাসী নারীর মূর্তি

মেক্সিকোর রাজধানীতে ক্রিস্টোফার কলম্বাসের স্মৃতিস্তম্ভের জায়গায় এক আদিবাসী নারীর মূর্তি বসতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন মেক্সিকো সিটির গভর্নর ক্লডিয়া শিনবাম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2021, 01:28 PM

Updated : 07 Apr 2022, 11:44 PM

আদিবাসী অধিকারকর্মীরা উপড়ে ফেলার হুমকি দেওয়ার পর গত বছর কর্তৃপক্ষ কলম্বাসের ওই মূর্তিটিকে সরিয়ে নিয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

সে জায়গায় এখন ‘ইয়াং উইমেন অব আমাজাক’ নামের কলম্বাস-পূর্ববর্তী সময়ের একটি মূর্তির রেপ্লিকা বসবে, বলেছেন শিনবাম।

যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনের সময় লাতিন আমেরিকা ও যুক্তরাষ্ট্রে কলম্বাসের একাধিক মূর্তি উপড়ানো হয়েছিল।

ইতালিতে জন্ম নেওয়া কলম্বাস স্পেনের রাজপরিবারের অর্থায়নে পঞ্চদশ শতকের শেষদিকে নতুন ভূমি আবিষ্কারের উদ্দেশ্যে জাহাজে করে রওনা দিয়েছিলেন; তার আমেরিকা মহাদেশে নামা সেখানে স্পেনের দখলদারিত্বের পথ খুলে দেয়। কলম্বাসের এ আগমন তাই মহাদেশটির অনেকের কাছেই নির্যাতন ও ঔপনিবেশিকতার প্রতীক।

শিনবাম আগেই কলম্বাসের মূর্তির জায়গায় আদিবাসী এক নারীর মূর্তি বসবে ঘোষণা দিয়েছিলেন। মঙ্গলবার কলম্বাসের ‘আমেরিকা আবিষ্কারের’ ৫২৯তম বার্ষিকীতে আগে ফের একই ঘোষণা দেন তিনি।

যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবছর ঘটা করে কলম্বাস দিবস পালিত হলেও মেক্সিকো এবং লাতিন আমেরিকার অনেক দেশে দিবসটিতে স্মরণ করা হয় দখলদার স্পেন ও অন্যান্য ইউরোপীয় দেশের নির্যাতনের শিকার হওয়া আদিবাসীদের। অনেকে এদিন ইউরোপীয় দখলদারদের বিরুদ্ধে আদিবাসীদের প্রতিরোধের কথাও মনে করেন।

শিনবাম জানান, নতুন যে মূর্তিটি বসানো হবে, সেটি আগের কলম্বাসের মূর্তির চেয়েও তিনগুণ লম্বা হবে।

আদিবাসী নারীরাই যে ঔপনিবেশিক আমল এবং তার পরেও সবচেয়ে বেশি নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে, তার স্বীকৃতিস্বরূপ এই মূর্তিটি বসছে, বলেছেন মেক্সিকো সিটির এ নারী গভর্নর।

‘ইয়াং উইমেন অব আমাজাকের’ আসল মূর্তিটি জানুয়ারিতে ভেরাক্রুজে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মূর্তিতে যে নারীর মুখ খোদিত, তিনি মূর্তি বানানোর সময় হুয়াস্টেক গোষ্ঠীর শীর্ষস্থানীয় নেতা ছিলেন।

মূর্তিটি এখন মেক্সিকো সিটির অ্যানথ্রোপলজি জাদুঘরে আছে, জাদুঘর কর্তৃপক্ষই এর প্রতিলিপি বা রেপ্লিকা বানাবে।

কলম্বাসের যে মূর্তিটি সরিয়ে নেওয়া হয়েছে, সেটি মেক্সিকো সিটির অন্য এলাকার একটি পার্কে স্থান পাবে।