২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানকে ‘দেশ’ বললেন ফরাসি সিনেটর, ক্ষুব্ধ চীন

তাইপে সফরে গিয়ে তাইওয়ানকে ‘দেশ’ বলে অভিহিত করেছেন ফরাসি সিনেটরদের প্রতিনিধিদলের প্রধান অ্যাঁলা রিচা। তাইওয়ানকে ‘দেশ’ বলা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে চীন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Oct 2021, 08:21 PM

Updated : 07 Apr 2022, 11:43 PM

ফরাসি এই প্রতিনিধিদলের তাইওয়ান সফরের প্রতিবাদ চীন আগেই জানিয়েছিল। তার মধ্যেই চীনকে আরেক দফা ক্ষুব্ধ করার ঝুঁকি নিয়ে বৃহস্পতিবার তাইওয়ানকে ‘দেশ’ বলেছেন রিচা।

প্যারিসে অবস্থিত চীনা দূতাবাস থেকে বার বার সতর্কবার্তা দেওয়ার পরও সাবেক ফরাসি প্রতিরক্ষামন্ত্রী অ্যাঁলা রিচা পাঁচ দিনের সফরে তাইওয়ানে যান।

তাইওয়ানকে আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী চীন বলা হয়। কিন্তু বিশ্বের বহু দেশই তাইওানের এই নামকে স্বীকৃতি দেয় না। বেইজিংয়ের সঙ্গে তাইওয়ানের কূটনৈতিক সম্পর্ক আছে। আর তাইওয়ানের ডি ফ্যাক্টো দূতাবাসগুলোতে সাধারণত দ্বীপ বোঝাতে ‘তাইপে’ নামটি ব্যবহার করা হয়। চীন যাতে অসন্তুষ্ট না হয় সেজন্যই এ ব্যবস্থা।

কিন্তু এবার তাইপে সফরে গিয়ে বৃহস্পতিবার প্রেসিডেন্ট সাই-ইং-ওয়েনের সঙ্গে দেখা করে সাবেক ফরাসি প্রতিরক্ষামন্ত্রী রিচা বলেন, প্যারিসে তাইওয়ানের ডি ফ্যাক্টো দূতাবাস “আপনার দেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে খুব ভাল কাজ করছে।”

ওদিকে, বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে বলেছেন, “তাইওয়ানকে দেশ বলাটা ফ্রান্সসহ আন্তর্জাতিক স্প্রদায়ের সর্বজনীন মতৈক্যের প্রকাশ্য লঙ্ঘন। চীন এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং ঘোর বিরোধিতা করছে।” রিচারও তুমুল সমালোচনা করে ঝাও বলেছেন, তার (রিচা) মতো মানুষেরা আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালার বিষয়টি বোঝেন না।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরাসি সিনেটের ‘তাইওয়ান ফ্রেন্ডশীপ গ্রুপ’ এর প্রধান রিচা তাইওয়ানের প্রতিনিধিত্বশীল কার্যালয়কে কী নামে ডাকা হবে সেটি একটি জটিল বিষয় বলে স্বীকার করেন।

ইংরেজিতে তিনি বলেন, “এটি একটি সূক্ষ্ম কূটনেতিক ইস্যু। কিন্তু আমার কাছে যে বিষয়টি লক্ষ্যণীয়, তা হচ্ছে এই দ্বীপের নাম এবং এই দেশের নাম হচ্ছে তাইওয়ান। আর তাই দেশটিকে তাইওয়ান নাম ব্যবহার করতে না দেওয়ার কোনও বড় কারণ নেই।”

তাইওয়ানের নিজস্ব গণতান্ত্রিক শাসনব্যবস্থা,নিজেদের সীমান্ত, মুদ্রা, সরকারব্যবস্থা থাকলেও রাজনৈতিকভাবে তাইওয়ানকে আলাদা একটি দেশ হিসেবে দেখা নিয়ে বিতর্ক আছে।

চীনে গৃহযুদ্ধের পর সেখানকার জাতীয়তাবাদী নেতারা এবং তাদের সমর্থক সরকারদলীয় নেতারা পালিয়ে তাইওয়ান চলে গিয়েছিলেন। সেখানে তারা ‘রিপাবলিক অব চায়না’ নামে সরকার গঠন করেছিলেন। একদিন আবার পুরো চীনের নিয়ন্ত্রণ নেওয়া ছিল তাদের লক্ষ্য।

কিন্তু ১৯৭১ সালে জাতিসংঘ বেইজিং সরকারকেই চীনের আসল সরকার বলে স্বীকৃতি দেওয়ার পর থেকে বিশ্বের প্রায় সব দেশ বেইজিং-কে স্বীকৃতি দিলে তাইওয়ানের আন্তর্জাতিক স্বীকৃতি কমে যায়। ফ্রান্সও চীনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

১৯৮০র দশক পর্যন্ত চীন আর তাইওয়ানের মধ্যে তীব্র বাকযুদ্ধর পর ‘এক দেশ, দুই পদ্ধতি’ নামে চীনের প্রস্তাবে উত্তেজনা কিছুটা কমেছিল। সেই প্রস্তাব অনুযায়ী তাইওয়ানকে স্বায়ত্বশাসন দেওয়ার কথা বলা হয়। কিন্তু তাইওয়ান প্রস্তাবটি প্রত্যাখ্যান করে।

২০০০ সালে তাইওয়ানের নুতন প্রেসিডেন্ট চেন শুই বিয়ান দায়িত্ব নেওয়ার পর ২০০৪ সালে ঘোষণা দেন, তাইওয়ান চীন থেকে আলাদা হয়ে সম্পূর্ণ স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। এতে চীন ভীষণ রুষ্ট হয়ে একটি আইন পাস করে। তাতে বলা হয়, তাইওয়ান চীন থেকে আলাদা হওয়ার চেষ্টা করলে তা ঠেকাতে চীন প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে।

তাইওয়ানের রাজধানী তাইপেকে বিশ্ব মঞ্চ থেকে সব সময়ই দূরে রাখতে চায় চীন। তাইওয়ান নাম ব্যবহারেও ঘোর আপত্তি আছে চীনের। তাইওয়ানকে যেন কিছুতেই আলাদা 'দেশ' বলে উল্লেখ না-করা হয় এবং তাইওয়ানের নেতাকেও যাতে 'প্রেসিডেন্ট' বলে অভিহিত না-করা হয় সেজন্য গতবছর ভারতীয় গণমাধ্যমকে হুঁশিয়ারি দিয়েছিল চীন।

২০১৬ সালে সাই-ইং-ওয়েন তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে তিনিও তাইওয়ানের জন্য একটি আলাদা সার্বভৌম পরিচিতি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। চীনের সঙ্গে তাইওয়ানের ঐতিহাসিক যোগাযোগের বিষয়টি মুছে দিতে চাইছেন তিনি।

চীনের যুদ্ধবিমান সম্প্রতি তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে (এআইডিজেড) অনুপ্রবেশের পর আন্তর্জাতিক সমর্থন চাইছে দ্বীপদেশটি। যুদ্ধবিমান অনুপ্রবেশ নিয়ে দু’পক্ষে সম্প্রতি উত্তেজনা বাড়ার মধ্যেই ফরাসি সিনেটর তাইওয়ানকে ‘দেশ’ বলার পক্ষে মত প্রকাশ করলেন।

গত শুক্রবার থেকে টানা চারদিন চীনের বিমান বাহিনীর রেকর্ডসংখ্যক যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে অনুপ্রবেশ করেছে। এরপর ফ্রান্সের চার সিনেটর এবং অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট তাইওয়ান সফরে যান।

চীনের সাম্প্রতিক এই শক্তি প্রদর্শনে উদ্বিগ্ন ওয়াশিংটন ও এর মিত্রদেশগুলো। চীনের ক্রমাগত সামরিক-রাজনৈতিক চাপের মুখে গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান অন্য গণতান্ত্রিক দেশগুলোর কাছ থেকে সমর্থন প্রত্যাশা করছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর কাছ থেকে।

পুরনো খবর:

তাইওয়ানের পতন হলে ‘পরিণতি হবে বিপর্যয়কর’: হুঁশিয়ারি প্রেসিডেন্টের
চীনা অনুপ্রবেশের পর আন্তর্জাতিক সমর্থন চায় তাইওয়ান