কোভিড: যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়াল ৭ লাখ
করোনাভাইরাস মহামারীতে বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে কোভিড সংক্রান্ত মৃত্যু ৭ লাখ ছাড়িয়ে গেছে।
শুক্রবার দেশটি এই দুঃখজনক মাইলফলক অতিক্রম করে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক হিসাবে উঠে এসেছে।
দেশটির কর্মকর্তারা এখন বয়স্ক লোকজন এবং উচ্চ-ঝুঁকির পেশায় কর্মরতদের সুরক্ষায় টিকার বুস্টার ডোজকে উৎসাহিত করছেন।
সপ্তাহখানেক ধরে যুক্তরাষ্ট্রে প্রতিদিন কোভিডে গড়ে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে বলে সরকারি স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে জানিয়েছে রয়টার্স।
শনাক্ত রোগী ও মৃত্যুতে যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের দেশগুলোর মধ্যে সবার উপরে।
রয়টার্সের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে যত মানুষ কোভিডে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে, তার ১৯ শতাংশই যুক্তরাষ্ট্রের; বিশ্বে মোট মৃত্যুর ১৪ শতাংশও তাদের।
বিশ্বজুড়ে কোভিডে মৃত্যুও ৫০ লাখের ঘর অতিক্রম করার পথে রয়েছে।
সেপ্টেম্বরের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে ডেল্টা ধরনের দাপটে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এখন তেমনটা না থাকলেও কর্মকর্তাদের উদ্বেগ কমেনি।
দেশটিতে এখনও প্রতিদিন গড়ে এক লাখ ১৭ হাজারের কাছাকাছি কোভিড রোগী শনাক্ত হচ্ছে। এই সংখ্যা ড. অ্যান্থনি ফাউচির বেঁধে দেওয়া ‘টার্গেটের’ চেয়ে অনেক বেশি।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফাউচি বলেছেন, স্বাস্থ্য সংকটের অবসান ঘটাতে দৈনিক শনাক্ত ১০ হাজারে নামিয়ে আনতে হবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির প্রায় সব অঞ্চলে পর্যায়ক্রমে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমলেও দক্ষিণের কিছু কিছু এলাকায় সংক্রমণের ঊর্ধ্বগতি সেখানকার স্বাস্থ্যসেবা কাঠামোর ওপর চাপ সৃষ্টি করেছে।
দেশবাসীকে উৎসাহিত করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে টিকার বুস্টার ডোজ নিলেও যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষকে এখনও টিকার প্রথম ডোজই দেওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশে অসংখ্য মানুষ এখনও টিকার কোনো ডোজই না পাওয়ায় বুস্টার ডোজের আদৌ প্রয়োজন আছে কিনা তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দ্বিধাবিভক্তি দেখা যাচ্ছে।
সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রায় ৫৬ শতাংশ মানুষ টিকার সবগুলো ডোজই পেয়েছেন, অন্তত এক ডোজ নিয়েছেন এমন সংখ্যাও পৌঁছেছে ৬৫ শতাংশের কাছাকাছি।
যুক্তরাষ্ট্রে উত্তরপূর্ব ও পশ্চিম উপকূলের তুলনায় মধ্যপশ্চিম ও দক্ষিণের কিছু কিছু অংশে টিকা গ্রহণকারীর হার তুলনামূলক কম বলে জানিয়েছে সিডিসি।
নিউ ইয়র্কের হাসপাতালগুলো সোমবার থেকে স্বাস্থ্যসেবায় নিয়োজিত তাদের যেসব কর্মী টিকা না নিয়ে রাজ্য সরকারের আদেশ অমান্য করেছে, তাদের চাকরিচ্যুত বা বরখাস্ত করা শুরু করেছে।
ওহাইওর এক বেসরকারি স্বাস্থ্যসেবা দাতা প্রতিষ্ঠান এর কর্মীদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক করেছিল; এ নিয়ে মামলায় কেন্দ্রীয় এক বিচারক প্রতিষ্ঠানের পক্ষেই রায় দিয়েছেন।
