২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অকাস নিয়ে বিরোধে ইইউ-অস্ট্রেলিয়া বাণিজ্য আলোচনা পেছালো

অকাস (এইউকেইউএস) নিরাপত্তা জোট নিয়ে ফ্রান্সের সঙ্গে বিরোধ ঘনীভূত হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে অস্ট্রেলিয়ার একটি বাণিজ্য আলোচনা পিছিয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2021, 07:44 PM

Updated : 07 Apr 2022, 11:42 PM

অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘ প্রতীক্ষিত এই আলোচনাটি ১২ অক্টোবরে হওয়ার কথা ছিল। তা এখন নভেম্বর পর্যন্ত পিছিয়ে গেছে বলে নিশ্চিত করে জানিয়েছেন অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, “পিছিয়ে যাওয়া ১২তম দফা আলোচনার বিষয়টি নিয়ে আমি ইইউ বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করব। এই আলোচনা এখন অক্টোবরের পরিবর্তে নভেম্বরে অনুষ্ঠিত হবে।”

যুক্তরাষ্ট্র ও ‍যুক্তরাজ্যের সঙ্গে অকাস নিরাপত্তা জোট গড়ার পর অস্ট্রেলিয়া গত মাসে ফ্রান্সের সঙ্গে করা কয়েক হাজার কোটি ডলারের সাবমেরিন বহর নির্মাণ চুক্তি বাতিল করে।

এর পরিবর্তে অকাস চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা প্রযুক্তি দিয়ে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন নির্মাণের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।

এই সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশ ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক বিবাদে জড়িয়ে পড়ে এখন বাণিজ্য আলোচনায় এই সংকট সৃষ্টি হল।

অস্ট্রেলিয়াকে নিয়ে ক্ষুব্ধ ফ্রান্সের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিন। ইইউ এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে ইইউ-অস্ট্রেলিয়ার শেষ দফা আলোচনা হয়েছিল জুনে। ইউরোপীয় কমিশন বলেছে, ভবিষ্যৎ চুক্তির ক্ষেত্রে অনেক বিষয়েই আলোচনায় অগ্রগতি হয়েছিল।

পরবর্তী দফা আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ এবং বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকারসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

অস্ট্রেলিয়ার তৃতীয়-বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন। ২০২০ সালে দুই পক্ষের মধ্যে প্রায় ৭ হাজার ২শ’ কোটি ডলারের বাণিজ্য হয়েছিল।