ভোটের প্রচারে বেহিসেবি খরচ, সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজির জেল
২০১২ সালের নির্বাচনী প্রচারে অবৈধভাবে বেহিসাবি খরচের মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে এক বছরের জেল দিয়েছে আদালত।
নির্বাচনী প্রচারে নির্বচন কমিশনের বেঁধে দেওয়া মাত্রার বাইরে বাড়তি লখো ইউরো খরচ করার অভিযোগে বৃহস্পতিবার প্যারিসের আদালত সারকোজিকে দোষী সাব্যস্ত করে এ সাজা দিয়েছে।
তবে সারকোজিকে জেল খাটতে হবে না, বরং এর বদলে তাকে একটি ইলেকট্রনিক ব্রেসলেট পরিয়ে বাড়িতেই রাখা হবে বলে রায়ে জানিয়েছে আদালত।
এর আগে আরও একটি মামলায় সারকোজির কারাদণ্ড হয়েছিল। গত মার্চে দুর্নীতির অভিযোগে ফ্রান্সের প্রথম কোনও সাবেক প্রেসিডেন্ট হিসাবে সারকোজিকে জেল দিয়েছিল আদালত। যদিও সেই কারাদণ্ড স্থগিত রাখা হয়েছে।
আর এবারের বেহিসাবি খরচের মামলায় সারকোজির সঙ্গে আরও ১৩ জন অভিযুক্ত ছিলেন।
বৃহস্পতিবার মামলার রায়ে প্যারিসের আদালত বলেছে, “অবৈধভাবে কত খরচ হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু হয়ত সারকোজি নাও জানতে পারেন। তবে ভোটের প্রচারে কি পরিমাণ অর্থ ব্যয় করা যায় তা তিনি জানতেন এবং সেই সীমা যে ছাড়িয়ে গেছে তা তিনি নিশ্চয়ই দেখেছেন। কিন্তু এর বিরুদ্ধে তিনি কোনও পদক্ষেপ নেননি।”
সারকোজি ২০০৭ সাল থেকে ৫ বছর মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন। ২০১২ সালের নির্বাচনে তিনি স্যেশালিস্ট প্রার্থী ফ্রাঁসোয়া ওলান্দের কাছে হেরে যান। তারপর থেকেই তার বিরুদ্ধে একাধিক অপরাধ তদন্ত চলে আসছে।
