২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি বন্দুকধারী ও এক নারীকে হত্যা ইসরায়েলি বাহিনীর

অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি বন্দুকধারী ও জেরুজালেমের পুরনো শহরে ছুরি নিয়ে আক্রমণের চেষ্টা করা এক নারীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনীগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2021, 01:52 PM

Updated : 07 Apr 2022, 11:41 PM

বৃহস্পতিবার এসব ঘটনা ঘটেছে বলে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রোববার পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীগুলো পাঁচ ফিলিস্তিনিকে হত্যার পর সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এসব সহিংসতার ঘটনা ঘটল। 

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ইসরায়েলি সেনারা ও আধাসামরিক পুলিশ পশ্চিম তীরের নিকটবর্তী শহর জেনিনে অভিযান চালানোর সময় এক ফিলিস্তিনি তাদের দিকে গুলি ছুড়লে পাল্টা গুলিতে সে নিহত হয়।

ফিলিস্তিনি চিকিৎসা কর্মীরা ২২ বছর বয়সী এক তরুণের মৃত্যুর কথা নিশ্চিত করেছে।

ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, নিহত তরুণ তাদের সদস্য ছিল এবং ইসরায়েলি বাহিনীর অভিযানকালে তাদের সঙ্গে গোলাগুলিতে সে নিহত হয়। 

জেরুজালেমের পুরনো শহরে ইসরায়েলি পুলিশ কর্মকর্তারা ফিলিস্তিনি এক নারীকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। পশ্চিম তীরের বাসিন্দা ওই নারী ইসরায়েলি পুলিশ কর্মকর্তাদের ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছে তারা।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর ও পুরনো জেরুজালেমসহ পূর্ব জেরুজালেম দখল করে নেয়। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে পশ্চিম তীর ও গাজায় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ফিলিস্তিনিরা।