পানশিরের প্রতিরোধ নেতারা দেশ ছেড়ে পালাননি: আফগান দূত
আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পানশির উপত্যাকার তালেবানবিরোধী প্রতিরোধ বাহিনীর নেতা আহমাদ মাসুদ ও সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ দেশ ছেড়ে পালিয়ে যাননি। তাদের বাহিনী এখনও তালেবানের বিরুদ্ধে লড়ছে।
তাজিকিস্তানে নিযুক্ত ক্ষমতাচ্যুত আফগান সরকারের রাষ্ট্রদূত জহির আগবর বুধবার এমন কথাই জানিয়েছেন।
তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে এক সংবাদ সম্মেলনে জহির বলেন, সালেহর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে। সালেহসহ তালেবানবিরোধী প্রতিরোধ বাহিনীর নেতারা নিরাপত্তার কারণে বর্তমানে স্বাভাবিক যোগাযোগের বাইরে আছেন।
“আহমাদ মাসুদ ও আমরুল্লাহ সালেহ পালিয়ে তাজিকিস্তানে আসেননি। আহমাদ মাসুদ পানশির ছেড়ে চলে গেছেন বলে যে খবর বেরিয়েছে, তা সত্য নয়। তিনি আফগানিস্তানের ভেতরেই আছেন।”
“আমি আমিরুল্লাহ সালেহর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। বর্তমানে তিনি পানশিরে আছেন। ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তানের সরকার পরিচালনা করছেন তিনি”, বলেন জহির আগবর।
গত ১৫ আগস্ট তালেবানের আফগানিস্তান দখলের মুখে তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন। ওদিকে, আফগানিস্তানে তালেবান শাসন ঠেকাতে পানশির প্রদেশে স্থানীয় নেতা আহমাদ মাসুদের নেতৃত্বে তালেবানবিরোধী বাহিনী গড়ে তোলা হয়।
মাসুদের নেতৃত্বাধীন মিলিশিয়াদের সঙ্গে আফগান সামরিক বাহিনীর কমান্ডারদের একাংশ মিলে গঠিত হয় ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)। ওদিকে, তালেবানও তাদের কব্জার বাইরে থাকা এই একটিমাত্র প্রদেশ দখলে নেওয়ার জন্য জোর তৎপরতা শুরু করে।
দুপক্ষে তুমুল লড়াইয়ের পর গত ৬ সেপ্টেম্বরে পানশির উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার দাবি করে তালেবান। এনআরএফ নেতা মাসুদ এবং আমরুল্লাহ সালেহ পালিয়ে তাজিকিস্তানে চলে গেছেন এমন খবর পাওয়ার কথাও জানায় তালেবান।
এনআরএফ তখন সঙ্গে সঙ্গেই পানশিরে তালেবানের জয়ের ঘোষণা নাকচ করে বলেছিল, তালেবান এই প্রদেশ দখল করতে পারেনি। পানশিরের সব কৌশলগত অবস্থানে এনআরএফ বাহিনীর উপস্থিতি রয়েছে। ন্যায়বিচার ও স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তালেবান ও তাদের সহযোগীদের বিরুদ্ধে এনআরএফ লড়াই করবে।
আর এবার এই বাহিনীর নেতা মাসুদ এবং আমরুল্লাহ সালেহ কারোরই আফগানিস্তান ছেড়ে না যাওয়া এবং লড়াই চালিয়ে যাওয়ার বিষয়টি জানালেন তাজিকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত।
