আফগানিস্তান থেকে হুমকির শঙ্কায় ভারত-রাশিয়া সহযোগিতা জোরদার
আফগানিস্তান থেকে বিদেশি জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা মধ্য এশিয়া এবং ভারতের জন্য হুমকি হয়ে আছে বলে উদ্বিগ্ন রাশিয়া এবং ভারত। তাই হুমকি মোকাবেলায় দুই দেশ সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছে।
বুধবার ভারত এবং রাশিয়া তাদের জাতীয় নিরাপত্তা প্রধানদের এক বৈঠকে সন্ত্রাসবিরোধী সহযোগিতা বাড়াতে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা মজবুত করা নিয়ে আলোচনা চালিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কট্টরপন্থি ইসলামি গোষ্ঠী তালেবান গত ১৫ অগাস্টে আফগানিস্তান দখলের পর সদ্যই নতুন সরকার ঘোষণা করেছে। আন্তর্জাতিক সম্পদ্রায় সতর্কতার সঙ্গে এই সরকারকে স্বাগত জানিয়েছে।
আফগানিস্তানের ঘটনাবলী নিয়ে ভারত এবং রাশিয়া গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন এক ভারতীয় কর্মকর্তা। নয়া দিল্লিতে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মধ্যকার এক বৈঠকের পর একথা জানান ওই কর্মকর্তা।
তিনি বলেন, দু’পক্ষই এ ব্যাপারে একমত হয়েছে যে, তালেবানকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করে চলতে হবে, যার মধ্যে আছে নারীরাসহ মানুষের মৌলিক মানবাধিকারকে সম্মান দেখানো এবং আফগানিস্তানের মাটিকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা চালানোর জন্য ব্যবহার হতে না দেওয়া।
কর্মকর্তা জানান, আফগানিস্তানে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি এবং মধ্য এশিয়া ও ভারতে সন্ত্রাসের হুমকির ব্যাপারে দুপক্ষই একই দৃষ্টিভঙ্গি পোষণ করেছে।
ভারতের আশঙ্কা, পাকিস্তানে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলো আফগান ভূখণ্ড ব্যবহার করে ভারতে হামলা চালাতে পারে। তাছাড়া, তালেবানের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তাদেরও এক্ষেত্রে অনেকটাই দায় আছে। ওদিকে রাশিয়ার আশঙ্কা, আফগানিস্তানের বিশৃঙ্খল পরিস্থিতির কারণে জঙ্গি তৎপরতা ছড়িয়ে পড়তে পারে মধ্য এশিয়াজুড়ে।
তাই সন্ত্রাসবিরোধী সহযোগিতা আরও বাড়ানো বিষয়টিকে সামনে রেখে ভারত এবং রাশিয়ার নিরাপত্তা প্রধানরা দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা বাড়ানোসহ অবৈধ অভিবাসন ও মাদক চোরাচালান ঠেকানো নিয়েও আলোচনা করেছেন বলে জানানো হয়েছে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের একটি বিববৃতিতে।
ভারত এবং রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই সামরিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা থাকলেও সম্প্রতি কয়েকবছরে নয়া দিল্লি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক বন্ধন গড়ে তুলেছে এবং সেখান থেকে অস্ত্র সরবরাহও পেয়ে আসছে।
কিন্তু আফগানিস্তান থেকে মার্কিন সেনারা চলে যাওয়া এবং দেশটি তালেবানের কব্জায় চলে যাওয়ার পর আঞ্চলিক পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে বলে জানিয়েছেন ভারতীয় ওই কর্মকর্তা।
