২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন ১৯ যুদ্ধবিমান নিয়ে আকাশসীমা লঙ্ঘন করেছে, অভিযোগ তাইওয়ানের

চীন ১৯ টি যুদ্ধবিমানের বড় বহর নিয়ে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমানায় অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।  এইসব বিমানের মধ্যে পরমাণু অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমানও ছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2021, 06:07 PM

Updated : 07 Apr 2022, 11:35 PM

গত এক বছরেরও বেশি সময় ধরে তাইওয়ান চীনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করে আসছে। গণতান্ত্রিক তাইওয়ানকে নিজেদের ভূখন্ড বলে মনে করে চীন। কিন্তু তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র হিসাবেই দাবি করে আসছে।

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, রোববার তাদের আকাশসীমায় প্রবেশ করা যুদ্ধবিমানগুলোর মধ্যে চারটি এইচ–৬ বোমারু বিমান ছিল। এগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।

তাছাড়া, বিমানগুলো সাবমেরিন বিধ্বংসীও। চীনা বিমানগুলো তাইওয়ানের প্রাতাস দ্বীপের উত্তর–পূর্বাঞ্চল দিয়ে উড়ে যায়। সেগুলোর যাত্রাপথের একটি মানচিত্রও প্রকাশ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চীনের যুদ্ধবিমানগুলোকে সতর্ক করতে তাইওয়ানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি রাখা হয় এবং কয়েকটি জঙ্গি বিমানও পাঠানো হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে চীন এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি বলে জানিয়েছে বিবিসি।

তাইওয়ানের অটল অবস্থান নিয়ে ক্ষুব্ধ চীন সেখানে প্রায়ই এমন যুদ্ধবিমান পাঠিয়ে থাকে। এর আগে জুনে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষাসীমানায় চীনের ২৮টি সামরিক বিমান অনুপ্রবেশ করেছিল।

তাইওয়ানের আকাশে সেটিই ছিল চীনা যুদ্ধবিমানের সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা। তার আগে জানুয়ারিতে চীনের ১৫ টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমায় ঢুকে পড়েছিল। আর ১২ এপ্রিলে ২৫ টি চীনা যুদ্ধবিমানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছিল তাইওয়ান।