২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫,৬০০ বিদ্রোহী হত্যার দাবি ইথিওপিয়া সেনাবাহিনীর

তিগ্রাই বিদ্রোহী বাহিনীর ৫ হাজার ৬০০ জনেরও বেশি সদস্যকে হত্যার দাবি করেছে ইথিওপিয়ার সেনাবাহিনী। উত্তরাঞ্চলে এই বিদ্রোহীদের সঙ্গে লড়াই চলছে সেনাবাহিনীর।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Sep 2021, 07:11 PM

Updated : 07 Apr 2022, 11:35 PM

গত নভেম্বর থেকে বাড়ছে এই রক্তক্ষয়ী সংঘাত। দেশটির ঊধ্র্বতন জেনারেল বাচা দেবেলে বিদ্রোহী হত্যার সংখ্যা জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

তবে এই বিপুল সংখ্যক বিদ্রোহীকে কখন হত্যা করা হয়েছে তার কোনও সময়সীমা জানানো হয়নি দেবেলের বিবৃতিতে। সংবাদদাতারা বলছেন, এই বিদ্রোহীরা সাম্প্রতিক লড়াইয়ে নিহত হয়ে থাকতে পারেন।

দেবেলের বিবৃতিতে আরও জানানো হয়েছে, ২ হাজার ৩০০ বিদ্রোহী সেনাবাহিনীর হামলায় আহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আরও ২ হাজার জনকে।

জাতিসংঘ বলছে, ইথিওপিয়ায় এই সংঘাতের কারণে কয়েক লাখ মানুষ অনাহারে আছে। জেনারেল দেবেলের দাবি, তিগ্রাই বিদ্রোহীরা ইথিওপিয়াকে খণ্ডিত করার চেষ্টা করছে।

তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) এর একটি ডিভিশন তিগ্রাই এবং আমহারা সীমান্তের হুমেরা এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছিল। কিন্তু তাদেরকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।

তবে বিদ্রোহীরা এই দাবির ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া প্রকাশ করেনি।

ইথিওপিয়ায় গতবছর প্রধানমন্ত্রী আবি আহমেদ সরকার এবং তিগ্রাই অঞ্চলের প্রধান রাজনৈতিক দল টিপিএলএফ এর নেতাদের ধ্যে কয়েকমাসের বিরোধের পর দুপক্ষে লড়াই শুরু হয়।

সামরিক শিবিরগুলোতে কয়েকটি হামলার পেছনে টিপিএলএফ এর জড়িত থাকার অভিযোগ তুলে ইথিওপিয়ার প্রেসিডেন্ট তিগ্রাইয়ের আঞ্চলিক সরকারকে উৎখাত করতে সেখানে সেনা পাঠান।

এরপর থেকেই দুপক্ষের লড়াইয়ে হাজার মানুষের মৃত্যু এবং লাখো মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে এবং অনেকে সুদানে পালিয়ে গেছে বলে ধারণা করা হয়।