২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লুইজিয়ানাজুড়ে আইডার তাণ্ডবের চিহ্ন, জলমগ্ন একাধিক নিচু এলাকা

যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে আঘাত হানা অন্যতম শক্তিশালী হারিকেন আইডার কারণে জলমগ্ন হয়ে পড়া লুইজিয়ানার নিউ অরলেন্সের আশপাশের নিচু এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2021, 03:44 PM

Updated : 07 Apr 2022, 11:34 PM

ঝড়ে লণ্ডভণ্ড দক্ষিণপূর্বের এ রাজ্যটির ১০ লাখেরও বেশি বাড়িঘর সোমবারও বিদ্যুৎহীন অবস্থায় ছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চার মাত্রার হারিকেন হিসেবে রোববার আছড়ে পড়ার পর থেকে দুর্বল হতে থাকা আইডা এখন মন্থর গতিতে উত্তরদিকে অগ্রসর হচ্ছে।

শক্তিশালী এই ঝড়টি ১৬ বছর আগে একই সময়ে আঘাত হানা হারিকেন ক্যাটরিনার দুঃসহ স্মৃতিকেও ফিরিয়ে এনেছে; ২০০৫ সালের ওই দুর্যোগ এক হাজার ৮০০র বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল, নিউ অরলেন্সে রেখে গিয়েছিল ধ্বংসযজ্ঞের চিহ্ন।

লুইজিয়ানায় বিপুল বৃষ্টি ঝরিয়ে এবং অন্তত ২ জনের প্রাণ কেড়ে নিয়ে সোমবার স্থানীয় সময় বিকালের দিকে আইডা ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হয়, সেসময় এর কেন্দ্রস্থল ধীরগতিতে প্রতিবেশী মিসিসিপির দিকে এগুচ্ছিল।

গভর্নর জন বেল এডওয়ার্ডস ঝড়ে লুইজিয়ানায় আরও হতাহত মিলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

“আরেকটি ক্যাটরিনা হয়নি এবং এজন্য আমরা একরকম কৃতজ্ঞ থাকতে পারি। তবে এরপরও ঝড়ে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতিই হয়েছে,” সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন নিউ অরলেন্সের মেয়র লাটয়া ক্যানট্রেল।

ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করতে প্রতিটি এলাকার প্রতিটি ব্লকে চিরুনি অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন শহরটির কর্মকর্তারা। এর মাধ্যমে তারা মূলত ক্যাটরিনার পর যুক্তরাষ্ট্রের সরকার যেভাবে কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ শহরটির বাসিন্দাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তেমনটা হবে না বলে আশ্বস্ত করলেন।

“কেউ বাদ পড়বে না,” বলেছেন ক্যানট্রেল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে লুইজিয়ানায় ‘বড় ধরনের বিপর্যয়’ ঘোষণা করেছেন। কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা প্রশাসন (এফইএমএ) রাজ্যটিতে তাদের তিন হাজার ৬০০ সদস্য পাঠিয়েছে; ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনের জন্য পাঠানো হয়েছে খাবার।

ন্যাশনাল গার্ড জানিয়েছে, তারাও লুইজিয়ানায় কয়েক হাজার সৈন্যের পাশাপাশি বন্যায় আটকা পড়া লোকজনকে উদ্ধারে জলমগ্ন সড়কে চলতে পারে এমন যান, নৌকা ও ৩৪টি হেলিকপ্টার মোতায়েন করেছে।

লুইজিয়ানার ছোট শহর হোমায় বন্যার পানিতে কিছু লোক আটকা পড়েছে খবর পেয়ে সেখানে স্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি ‘কাজুন নেভি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদেরও ছুটে যেতে দেখা গেছে।

প্রশাসনিক জেলা জেফারসনের শেরিফ জো লোপিন্তো বলেছেন, সোমবার তিনি একাধিক নৌকার একটি বহর নিয়ে উদ্ধার কাজ সমন্বয় করেছেন এবং নিউ অরলেন্সের ৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত জেলেদের এলাকা লাফিট থেকে আনুমানিক ৪০০ জনকে উদ্ধার করেছেন।

রোববার আইডা যেখানে তার সর্বোচ্চ শক্তি নিয়ে আছড়ে পড়েছিল, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে গ্র্যান্ড আইলের উপর দিয়ে উড়ে যাওয়া একটি হেলিকপ্টার দেখে সেখানকার অনেককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে বলেও জানিয়েছেন লোপিন্তো।

গ্র্যান্ড আইলের বিস্তৃত এলাকা বন্যার পানিতে ডুবে গেছে এবং দ্বীপটির অনেক ঘরের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আকাশ থেকে নেওয়া কোস্ট গার্ডের ভিডিওতে দেখা গেছে।

পনচোট্রেইন হ্রদের তীরে অবস্থিত শহর লাপ্লাসেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য ঘরবাড়ি হয় গাছের আঘাতে ক্ষতিগ্রস্ত, নয়তো কয়েক ফুট উচ্চতার পানিতে মগ্ন অবস্থায় রয়েছে।

হারিকেন আইডা আছড়ে পড়ার স্থল থেকেও প্রায় সাড়ে তিনশ কিলোমিটার দূরের অনেক বাড়িঘর এখন বিদ্যুৎহীন অবস্থায় পড়ে আছে বলে জানিয়েছে রয়টার্স। লুইজিয়ানার অনেক জায়গার পানি সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রশাসনিক জেলা জেফারসনের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিদ্যুতের একটি ট্রান্সমিশন টাওয়ার ধসে মিসিসিপি নদীতে পড়েছে।

শহরে বিদ্যুৎ সরবরাহ করা আটটি সরবরাহ লাইনের সবগুলো অচল হয়ে পড়ার পর সমগ্র নিউ অরলেন্স মেট্রপলিটন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে পরিসেবা কোম্পানি এনটারজি লুইজিয়ানা।

ক্ষতিগ্রস্ত এলাকার অনেক গ্রাহকের বিদ্যুৎ পেতে পেতে কয়েক সপ্তাহও লেগে যেতে পারে, বলেছে তারা।

বিভিন্ন পরিসেবা কোম্পানির কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে পাওয়ারআউটেজ ডট ইউএস লুইজিয়ানার ১০ লাখেরও বেশি গ্রাহক এবং মিসিসিপির ৯২ হাজার গ্রাহক এখন বিদ্যুৎহীন অবস্থায় আছেন বলে জানিয়েছে।

স্থলে উঠে আসার পর দুর্বল হয়ে পড়লেও আইডা এখনও লুইজিয়ানায় টর্নেডো সৃষ্টির ক্ষমতা রাখে বলে সতর্ক করা হয়েছে; মিসিসিপি ও আলাবামায় ঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসের সতর্কতাও বহাল রয়েছে।