২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবার্ট কেনেডির হত্যাকারী সিরহানকে প্যারোলে মুক্তি দেওয়ার প্রস্তাব

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাই রবার্ট এফ কেনেডির হত্যাকারী সিরহান সিরহানের কারামুক্তির আবেদনে সায় দিয়েছে ক্যালিফোর্নিয়ার একটি প্যারোল বোর্ড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2021, 02:58 PM

Updated : 07 Apr 2022, 11:33 PM

১৯৬৮ সালে খুন হওয়ার সময় রবার্ট প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে এগিয়ে ছিলেন।এক সমাবেশে বক্তৃতা দেওয়ার পর লস এঞ্জেলেসের একটি হোটেলে তিনি গুলিবিদ্ধ হন।

রবার্টকে হত্যার দায়ে সিরহান এরই মধ্যে ৫৩ বছর জেলে খেটে ফেলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। 

অবশ্য প্যারোল বোর্ড প্রস্তাব করলেও ৭৭ বছর বয়সী সিরহানের কারামুক্তি এখনি নিশ্চিত হচ্ছে না।

তাকে জেল থেকে ছাড়া হবে কি হবে না এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।

“অর্ধশতকেরও বেশি পার হয়ে গেছে; আগের সেই তরুণ মাথাগরম ছেলের কোনো অস্তিত্ব আমার মধ্যে নেই,” প্যারোল কমিশনারদের সিরহান এমনটাই বলেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বার্তা সংস্থা।

লস এঞ্জেলেসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয় জানিয়েছে, তারা সিরহানের প্যারোলে মুক্তির আবেদনে আপত্তি জানাবে না।

প্যারোলে মুক্তির জন্য ১৬ বার আবেদন করেন সিরহান। ১৯৬৮ সালে গ্রেপ্তারের সময় তিনি বলেছিলেন, ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সহায়তায় সিনেটর রবার্টের সমর্থন তাকে ক্ষুব্ধ করেছিল।

রবার্ট কেনেডির দুই সন্তান তাদের বাবার হত্যাকারীকে ছেড়ে দেওয়ার আবেদন জানানোর পর ক্যালিফোর্নিয়ার প্যারোল বোর্ড সিরহানের মুক্তিতে সায় দিল।

“কোনো কয়েদি যদি নিজের ও বিশ্বের জন্য হুমকি না হয় তাহলে অবশ্যই তাকে ছেড়ে দেওয়া উচিত,” বলেছেন ডগলাস কেনেডি।