আফগানিস্তানের সাবেক মন্ত্রী, জার্মানিতে ‘ডেলিভারিম্যান’
সুন্দর একটি ভবিষ্যতের আশায় গত সেপ্টেম্বরে আফগানিস্তান থেকে জার্মানিতে পাড়ি জমানো সৈয়দ সাদাত এখন ইউরোপের দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাইপজিগে পণ্য পৌঁছে দেওয়ার কাজ করেন। অথচ তিনি ছিলেন আফগানিস্তানের যোগাযোগ মন্ত্রী!
সাদাত বলছেন, এখন এ ধরনের কাজ করায় দেশে অনেকেই তার সমালোচনা করেন। ২০১৮ সালে দায়িত্ব ছাড়ার আগে দুই বছর আফগান সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু এখন তার কাছে কাজ মানে কাজই।
“আমার আফসোসে ভোগার কোনো কারণ নেই,” বললেন ৪৯ বছর বয়সী এই আফগান, যাকে এখন কমলা ইউনিফরম পরে বাইসাইকেল চালিয়ে বাড়ি বাড়ি পার্শ্বেল পৌঁছে দিতে হয় কুরিয়ার হিসেবে।
সাদাত বলেন, “আমি আশা করি, অন্য রাজনীতিকরাও একই পথ অনুসরণ করবেন, পালিয়ে না থেকে বরং মানুষের সঙ্গে কাজ করবেন।”
বিশেষ করে আফগানিস্তান ফের তালেবানের দখলে যাওয়ার পর সাদাতের এ গল্প অনেকের দৃষ্টি কেড়েছে। তার পরিবার ও বন্ধুরাও অসেবে দেশ ছেড়েছেন বা ছাড়তে চাইছেন। অনেকে আশা নিয়ে অপেক্ষায় আছেন, হয়ত অন্যদের সঙ্গে আফগানিস্তান থেকে বের হয়ে যাওয়ার একটি ফ্লাইটে তারা চড়তে পারবেন, অথবা অন্য কোনো পথ খুঁজে নিতে পারবেন।
আফগানিস্তানের সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ সাদাত, যিনি জার্মানিতে গিয়ে এখন বাইসাইকেলে পণ্য সরবরাহকারীর কাজ করছেন। ছবি: রয়টার্স
মন্ত্রিত্বের মত অতীত থাকার পরও জার্মানিতে ভালো একটি কাজ খুঁজে পেতে সাদাতকে বেগ পেতে হচ্ছে, যা তার অভিজ্ঞতার সঙ্গে মেলে।
আইটি ও টেলিযোগাযোগ বিষয়ে ডিগ্রি থাকায় সাদাত আশা করেছিলেন, সেরকম কোনো ক্ষেত্রে একটি চাকরি তিনি হয়ত পেয়ে যাবেন। কিন্তু জার্মান ভাষা জানা না থাকায়, তেমন সুযোগ খুবই সীমিত।
ব্রিটেনের নাগরিকত্বধারী সাদাত বলেন, “এখানে ভাষাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।” সেজন্য প্রতিদিন বিকালের পালায় ছয় ঘণ্টার কাজ শুরুর আগে তিনি চার ঘণ্টা জার্মান ভাষা শেখেন। এই গ্রীষ্মে তিনি লিফেরানডোর হয়ে খাবার সরবরাহের কাজটি শুরু করেছেন।
শহরের ব্যস্ত ট্রাফিকের মধ্যে বাইসাইকেলে খাবার সরবরাহ করার অভিজ্ঞতা জানিয়ে এই সাবেক আফগান মন্ত্রী বলেন, “প্রথম কয়েকটি দিন উত্তেজনাপূর্ণ এবং কঠিন ছিল। আপনি যতই বাইরে যাবেন এবং মানুষজন দেখবেন, ততই আপনি শিখবেন।”
