দক্ষিণ চীন সাগরে ভয়ভীতি প্রদর্শন: চীনের কড়া সমালোচনায় হ্যারিস
চীন দক্ষিণ চীন সাগরে বলপ্রয়োগ এবং ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করে বেইজিংয়ের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
এশিয়া সফরের শুরুতে হ্যারিস প্রথমেই সিঙ্গাপুরে যান। মঙ্গলবার তার ভিয়েতনাম সফরের কথা রয়েছে। তার আগে সিঙ্গাপুরের ভাষণে তিনি চীনের এই সমালোচনা করেন বলে জানিয়েছে বিবিসি।
দক্ষিণ চীন সাগর নিয়ে অনেক বছর ধরেই বিরাজমান উত্তেজনা নিয়ে তিনি বলেছেন, “সেখানে হুমকির মুখে যুক্তরাষ্ট্র আমাদের মিত্রদের পাশেই থাকবে।”
হ্যারিসের এই সফরকে দেখা হচ্ছে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করার চেষ্টা হিসেবে। ভাষণে হ্যারিস আরও নানা বিষয় নিয়ে কথা বলেছেন। উল্লেখ করেছেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টিও।
মার্কিন সেনা প্রত্যাহারকে তিনি সাহসী এবং সঠিক সিদ্ধান্ত বলে বর্ণনা করেন। চীনের ক্ষেত্রে তিনি দক্ষিণ চীন সাগরের বিশাল অংশ বেইজিংয়ের দাবি করা নিয়ে সমালোচনা করেন।
হ্যারিস বলেন, “এমন দাবি বেআইনি। বলপ্রয়োগ এবং ভয়ভীতি দেখানোর ওপর ভিত্তি করে চীন এমন দাবি করছে। ২০১৬ সালে আর্বিট্রাল ট্রাইব্যুনালে এ দাবি প্রত্যাখ্যাত হয়েছে। তারপরও চীনের কর্মকান্ডে নিয়মনীতি ক্ষুন্ন হচ্ছে এবং এতে বিভিন্ন দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়েছে।”
দক্ষিণ চীন সাগর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌ চলাচল পথ। বহু বছর ধরে এ সাগরের ছোট ছোট অনেক দ্বীপের সম্পদের মালিকানা দাবি করে আসছে ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ এবং অনেকদিন ধরেই এই সাগর ওই অঞ্চলে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে আছে।
সাম্প্রতিক বছরগুলোতে চীন ওই সাগর অঞ্চলে তাদের মালিকানার দাবি নিয়ে আরও বেশি সোচ্চার হয়েছে। বিতর্কিত এই এলাকাকে চীন তাদের অংশ বলে দাবি করেছে এবং এ দাবির সমর্থনে সেখানে সামরিক উপস্থিতি ক্রমেই আরও জোরদার করছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা বিষয় নিয়ে চীনের সমস্যার মধ্যে যোগ হয়েছে এই বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে মাথা চাড়া দিয়ে ওঠা বড় ধরনের উত্তেজনাও।
