আফগানিস্তান: লোকজনকে স্থানান্তরে বাণিজ্যিক বিমান সহায়তার নির্দেশ যুক্তরাষ্ট্রের
আফগানিস্তানে ঝুঁকির মধ্যে থাকা আফগান নাগরিক এবং মার্কিনিদের উদ্ধার অভিযানে তাদেরকে তৃতীয় কোনও দেশে স্থানান্তরের জন্য ছয়টি বাণিজ্যিক এয়ারলাইন্সকে যাত্রীবাহী বিমান দিয়ে সহায়তা করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষাদপ্তর পেণ্টাগন রোববার এক বিবৃতিতে জানায়, তারা ১৮ টি বাণিজ্যিক বিমানকে আফগানিস্তান থেকে আসা মানুষজনকে বহনের কাজে ডেকেছে। এর মধ্যে চারটি ইউনাইটেড এয়ারলাইন্সের, তিনটি আমেরিকান এয়ারলাইন্সের, তিনটি আটলাস, তিনটি ডেল্টা এবং তিনটি অমনি এয়ারের এবং দুটি হাওয়াই এয়ারলাইন্সের বিমান।
যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে আনার কাজ ত্বরান্বিত করার চেষ্টা মধ্যে এই পদক্ষেপ নিল। এর মধ্য দিয়ে আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ ফেরার পর লোকজনকে উদ্ধারের এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের মুখে পড়ারই চিত্র স্পষ্ট হয়েছে।
রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ‘সিভিল রিজার্ভ এয়ার ফ্লিট’ (সিআরএএফ) এর এই সহায়তায় নামার ঘোষণা দিয়েছে। এতে করে জরুরি পরিস্থিতিতে সামরিক বাহিনীকে সহায়তা করতে বাণিজ্যিক বিমান ব্যবহার হচ্ছে।
এবার নিয়ে মাত্র তৃতীয়বারের মতো মার্কিন সামরিক বাহিনী বাণিজ্যিক বিমান কাজে লাগাচ্ছে। এর আগে ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসন এবং তারও আগে ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধের আগে দিয়ে এবং যুদ্ধ চলাকালে বাণিজ্যিক বিমানের এমন ব্যবহার হয়েছিল।
তালেবান গত সপ্তাহে রাজধানী কাবুল দখলের পর থেকেই আফগানরা দেশ ছাড়তে সেখানকার আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছে। রোববারও বিমানবন্দরে ফ্লাইটের অপেক্ষায় থেকেছে হাজার হাজার আফগান।
বিমানবন্দরে বিশৃঙ্খলার কারণে এপর্যন্ত অন্তত ২০ জন নিহত হওয়ার খবর রয়টার্সকে জানিয়েছেন এক নেটো কর্মকর্তা। তবে বিমানবন্দরের পরিস্থিতি অন্যান দিনের তুলনায় রোববার কিছুটা শান্ত ছিল বলে খবর পাওয়া গেছে।
এর আগের দিন শনিবার বিমানবন্দরের বাইরে ভিড়ের চাপে হুড়োহুড়িতে ৭ জনের মৃত্যু হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিমানবন্দরের বাইরে অপেক্ষমান লোকজনকে তালেবান পিটিয়ে পিছু হটিয়ে দিয়েছে।
