২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানের কাছে আত্মসমর্পণ করবেন না শাহ মাসুদের ছেলে

আফগানিস্তানে ১৯৮০’র দশকের সোভিয়েত-বিরোধী প্রতিরোধ আন্দোলনের অন্যতম নেতা আহমাদ শাহ মাসুদের ছেলে আহমাদ মাসুদ বলেছেন, তিনি তার নিয়ন্ত্রণে থাকা এলাকা তালেবানের হাতে ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করবেন না।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Aug 2021, 11:18 PM

Updated : 07 Apr 2022, 11:31 PM

রোববার দুবাইভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়া টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।

দেশ শাসনের জন্য তালেবানের অংশগ্রহণসহ একটি বিস্তৃত সরকার গঠনের আহ্বান জানিয়েছেন আহমাদ মাসুদ। তালেবান সংলাপ নাকচ করলে যুদ্ধ ‘অবশ্যম্ভাবী’ হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

মাসুদ বলেন, বিভিন্ন প্রদেশ থেকে তালেবান-বিরোধী সরকারি বাহিনী এসে তার ঘাঁটি পানশিরে জড়ো হয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংট পোস্ট-এ প্রকাশিত এক নিবন্ধে মাসুদ পশ্চিমাদের সমর্থনও আহ্বান করেছেন।

আফগানিস্তানের রাজধানী কাবুলের ১৫০ কিলোমিটার উত্তরের পানশির উপত্যকায় তালেবান গোষ্ঠীকে প্রতিরোধের ডাক এসেছে আরও আগেই।

গত ১৯ অগাস্টে তাজিকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত জহির আগবর আফগানিস্তানে তালেবান শাসন প্রত্যাখ্যান করে বলেছিলেন, কাবুলের উত্তরে শক্ত ঘাঁটি পানশির প্রদেশ তালেবানের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

আফগানিস্তানের স্বঘোষিত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ’র নেতৃত্বে পানশির তালেবান প্রতিরোধে দূর্গ হিসাবে কাজ করবে বলে জানিয়েছিলেন তিনি।

এরপর সালেহ এবং বিশিষ্ট তালেবানবিরোধী যোদ্ধার ছেলে আহমাদ মাসুদের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলার কথা জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

মস্কোয় এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তালেবান এখনও পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে পারেনি। পানশিরে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে।

ওদিকে, আহমাদ মাসউদও ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে তালেবানবিরোধী লড়াইয়ে যোগ দেওয়ার জন্য লোকজনের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

১৯৯০ এর দশকে আফগানিস্তানে যুদ্ধ চলার সময় হিন্দুকুশ পর্বতের মাঝে থাকা এই পানশির প্রদেশের নিয়ন্ত্রণ নিতে পারেনি তালেবান জঙ্গিরা। এবারও পানশির দখলে নিতে পারেনি তালেবান। এই প্রদেশ এখনও তালেবানের কব্জার বাইরে রয়েছে।

ভৌগোলিক কাঠামোর কারণেই পানশির এক দুর্ভেদ্য দুর্গ। কোনও বাহিনী সেখানে প্রবেশের দুঃসাহস করতে পারে না। চারদিকে উঁচু পাহাড় ঘেরা এ প্রদেশের মাঝখানে আছে সমতল ভূমি। বাইরের যে কারও জন্য সে জায়গা যেন এক গোলকধাঁধা।