তালেবানকে সিদ্ধান্ত নিতে হবে তারা আন্তর্জাতিক স্বীকৃতি চায় কিনা: বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি চায় কি-না; এখন তাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তালেবানের উগ্র বিশ্বাসে কোনও পরিবর্তন এসেছে- এমনটিও মনে করেন না বলে জানিয়েছেন বাইডেন।
বৃহস্পতিবার সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাক্ষাৎকারে তালেবান গোষ্ঠীর মধ্যে কোনও পরিবর্তন হয়েছে কিনা জিজ্ঞেসা করা হলে বাইডেন বলেন, “না।”
“আমি মনে করি তারা এক ধরনের অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এই নিয়ে যে: তারা কি বৈধ সরকার হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি চায়? তারা এটা চায় বলে আমি নিশ্চিত না। বরং তালেবান তাদের বিশ্বাসে আরও অটল হয়েছে বলেই মনে হয়,” বলেন তিনি।
আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই কট্টর ইসলামি গোষ্ঠী তালেবান প্রকাশ্যে বেশ খানিকটা মধ্যপন্থি হিসাবে নিজেদের তুলে ধরার চেষ্টা নিয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে তাদের আগের মতো সেই কঠোর অবস্থানেরই খবর পাওয়া যাচ্ছে।
বিক্ষোভ সহিংস পন্থায় দমন করছে তালেবান, আফগান জনগণের কারও ওপর কোনও প্রতিশোধ না নেওয়ার ঘোষণা দেওয়ার পরও কারও কারও ওপর এমন প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে তালেবান।
বিদেশি বাহিনীকে সহায়তাকারী আফগানদের ক্ষমা করার ঘোষণা দেওয়ার পরও তাদের খুঁজে বেড়াচ্ছে তালেবান যোদ্ধারা। নিজে থেকে ধরা না দিলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কিংবা তাদের পরিবারের সদস্যদেরকে মেরে ফেলা বা গ্রেপ্তার করার হুমকি দেওয়া হচ্ছে।
নারীদের কাজে যেতে বাধা দেওয়া হচ্ছে। নারীর অধিকার নিশ্চিত করতে তালেবানকে সামরিক নয় বরং অর্থনৈতিক ও কূটনৈতিক চাপে পড়তে হবে বলে উল্লেখ করেন বাইডেন।
