বিদেশি সেনাদের সহায়তাকারী আফগানদের হন্যে হয়ে খুঁজছে তালেবান
আফগানিস্তানে প্রায় দুই দশক ধরে মার্কিন ও নেটো সেনারা অবস্থানের সময় তাদের হয়ে কাজ করা আফগান নাগরিকদের হন্যে হয়ে খুঁজছে তালেবান।
জাতিসংঘের একটি গোপন নথিতে এমন কথা উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
‘নরওয়েজিয়ান সেন্টার ফর গ্লোবাল অ্যানালাইসিস’ এই নথি তৈরি করেছে। এই সেন্টার জাতিসংঘকে গোয়েন্দা তথ্য দেয়। বিবিসি এই নথি হাতে পেয়েছে।
এতে বলা হয়েছে, তালেবানের নিশানায় থাকা এই আফগানরা নিজে থেকে ধরা না দিলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কিংবা তাদের পরিবারের সদস্যদেরকে মেরে ফেলা বা গ্রেপ্তার করার হুমকি দেওয়া হচ্ছে।
ঝটিকা অভিযানে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর গত মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলনে এসে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, “আফগানিস্তান আর কোনও যুদ্ধক্ষেত্র নয়। যারাই এতদিন আমাদের বিরুদ্ধে লড়াই করেছে, সবাইকে আমরা ক্ষমা করে দিয়েছি। শত্রুতার দিন শেষ হয়েছে। কাউকেই শত্রু হিসাবে গণ্য করা হবে না।”
কিন্তু জাতিসংঘের গোপন নথি বলছে ভিন্ন কথা। বলা হচ্ছে, মার্কিন ও নেটো বাহিনীকে সহায়তাকারী আফগানদের তালিকা ধরে তাদেরকে খুঁজছে তালেবান যোদ্ধারা। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে তারা।
এমনকী আফগানিস্তান ছেড়ে যেতে রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হওয়া মানুষদের মধ্যেও বিদেশি সেনাদেরকে সহায়তাকারী আফগানদের খোঁজা হচ্ছে।
এই আফগানদের মধ্যে বিশেষ করে ঝুঁকিতে আছেন আগের সরকারের সেনা ও পুলিশ সদস্যরাসহ তদন্ত ইউনিটগুলোতে কাজ করা ব্যক্তিরা। তালেবান যোদ্ধারা আফগানিস্তানের প্রধান নগরীগুলো দখলের আগে থেকেই এই আফগানদের তালিকা তৈরির কাজ করেছে।
তালেবান যাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং প্রয়োজনে শাস্তি দিতে চায় তাদেরও তালিকা তৈরি করেছে বলে বেশ কয়েকটি খবর পাওয়া গেছে।
আর এখন তালেবান আফগানিস্তানের নতুন শাসকদের হয়ে কাজ করতে নতুন তথ্যদাতা নেটওয়ার্কের জন্য লোক নিয়োগ করছে বলে জানানো হয়েছে জাতিসংঘ নথিতে।
