২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জরুরি সহায়তার’ আশায় ভূমিকম্প-ঝড়-বন্যায় বিপর্যস্ত হাইতির মানুষ

ভূমিকম্পে বিধ্বস্ত হাইতিতে ঝড় আর বন্যার আঘাতে বিপন্ন মানুষ এখন খাদ্য, আশ্রয় আর চিকিৎসা পেতে মরিয়া হয়ে আছে। ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৪১ জনে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2021, 01:19 PM

Updated : 10 Oct 2022, 06:12 PM

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ভারী বর্ষণের পর ক্যারিবীয় এই দ্বীপ দেশটির ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় মঙ্গলবার আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।

হাইতির সিভিল প্রোটেকশন সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৯ হাজার ৯১৫ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছেন এবং নিখোঁজ রয়েছেন অনেকেই।

ভূমিকম্পে প্রধান কয়েকটি হাসপাতাল বিধ্বস্ত হয়ে যাওয়ায় আহতদের খোলা স্থানে তাবু খাঁটিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশু ও বৃদ্ধসহ অসংখ্য রোগীর ভিড়ে সবাইকে সে সুযোগও দিতে পারছেন না চিকিৎসকরা।

“দেখার মতো ডাক্তার ছিলেন না আর এখন তো সে মরেই গেছে,” বলছিলেন লেস কায়েস এলাকার প্রধান হাসপাতালের বাইরে মেয়ের অসার দেহের পাশে উদাস হয়ে বসে থাকা ল্যানেটে নুয়েল।

তিনি জানান, তার ২৬ বছরের মেয়েটির দুটি সন্তানও রয়েছে। ভূমিকম্পে সে ধ্বংসস্তূপে চাপা পড়েছিল।

শনিবারের ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আর ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত একটি এলাকার বাসিন্দা তিনি।

চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন জানিয়ে হাসপাতালের পরিচালক পিটারসন গেডে বলেন, “আমরা সব রোগী দেখতে পারছি না এবং আমরা যে পরিমাণ সরবরাহ পাচ্ছি তা দিয়ে কুলানো যাচ্ছে না।”

রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার (৯০ মাইল) পশ্চিমে লেস কায়েস এর এই হাসপাতালে অন্যদিনের চেয়ে বেশি ভিড় ছিল। কারণ ঝড়ের হাত থেকে রক্ষা পেতে তাঁবু থেকে রোগীদের হাসপাতালের ভেতরে নেওয়া হয়।

ক্যারিবীয় এ দেশটি এখনও ১১ বছর আগের আরেকটি ভয়াবহ ভূমিকম্পের ধকল সামলে উঠতে পারেনি। ২০১০ সালের ওই ভূমিকম্প দেশটির দুই লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল।

চলতি বছর ৭ জুলাই হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়িস নিজের বাড়িতে খুন হন। এ ঘটনাও ক্যারিবিয়ান সাগরের দ্বীপ দেশটিকে টালমাটাল করে রেখেছে।

এবারের ভূমিকম্পের পর রাজনৈতিক অস্থিরতা আর কিছু ‘অপরাধী চক্রের’ কারণে রাজধানী থেকে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ স্বাভাবিক না থাকায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়।

এছাড়া ঝড়ের কারণে আকস্মিক বন্যা আর ভূমিধসে পরিস্থিতি আরও বেশি জটিল হয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে তুমুল বৃষ্টি ঝরিয়ে মঙ্গলবার বিকালে জ্যামাইকা অতিক্রম করছিল গ্রীষ্মকালীন ঝড় ‘গ্রেস’।

তাঁবুর শহর হয়ে ওঠা লেস কায়েসে শত শত মানুষকে ‘গ্রেস’ এর আঘাতে ক্ষতিগ্রস্ত আশ্রয় স্থলের খুঁটি কিংবা তার্পুলিন মেরামত করতে ব্যস্ত দেখা গেছে। কেউ কেউ নিজেকে প্লাস্টিকেও মুড়িয়ে নিয়েছেন।

এই তাঁবুর শহরের উপ-প্রধান ম্যাথু জেমসন জানান, তারা সরকারি সহায়তার অপেক্ষায় রয়েছেন। জরুরি ভিত্তিতে কয়েকশ মানুষের জন্য খাবার, আশ্রয় আর চিকিৎসা সেবা প্রয়োজন। 

“আমাদের কোনো চিকিৎসক নেই। আমাদের খাবার নেই। প্রতিদিন সকালে আরও লোক এসে জড়ো হচ্ছে। আমাদের কোনো বাথরুম নেই, ঘুমানোর মতো জায়গাও নেই। আমাদের খাবার প্রয়োজন, আমাদের আরও ছাতাও দরকার।” 

হাইতিতে ৭.২ মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত ৩০৪

ভূমিকম্পে বিধ্বস্ত হাইতিতে ঝড়-বন্যা, মৃত্যু বেড়ে ১৪১৯  

কয়েক মাস ধরে ‘অপরাধী চক্রগুলো’ সড়ক আটকে রাখলেও জাতিসংঘের ‘অফিস ফর দ্য কো-অরর্ডিন্যাশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স’ জানিয়েছে ‘সফল আলোচনার মাধ্যমে’ লেস কায়েস এলাকায় সহায়তা পাঠানো গেছে।

দেশটিতে জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ এর প্রতিনিধি ব্রুনো মায়েস বলেন, “ভূমিকম্পে সব হারানো হাইতির অসংখ্য পরিবার এখন বন্যার পানির মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছে।”

“এই মুতূর্তে হাইতির প্রায় ৫ লাখ শিশু নিরাপদ আশ্রয়, পানি, চিকিৎসা সেবা এবং পুষ্টি বঞ্চিত রয়েছে কিংবা খুবই সীমিত মাত্রায় এসব সুবিধা পাচ্ছে।” 

জাতিসংঘ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষকে জরুরি ত্রাণ সহায়তা দেওয়া জন্য ৮০ লাখ ডলার তহবিল ঘোষণা করা হয়েছে।  

এছড়া ভেনেজুয়েলাসহ লাতিন আমেরিকার দেশ চিলি, মেক্সিকো, পানামা, কলম্বিয়া এবং পাশ্ববর্তী ডমিনিকার রিপাবলিক খাদ্য এবং ওষুধ সরবরাহ পাঠিয়েছে। বিভিন্ন সহায়তাসহ উদ্ধার ও অনুসন্ধান দল পাঠিয়েছে যুক্তরাষ্ট্রও।