২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুল বিমানবন্দরে ফাঁকা গুলি ছুড়েছে যুক্তরাষ্ট্রের সেনারা

কাবুল বিমানবন্দরের টারম্যাকের ওপর দিয়ে শত শত বেসামরিক আফগানের দৌড়াদৌড়ি থামাতে শূন্যে গুলি ছুড়েছে যুক্তরাষ্ট্রের সেনারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2021, 12:18 PM

Updated : 02 Aug 2022, 06:13 PM

সোমবার কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে বলে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন।

ফোনে ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “জনতা নিয়ন্ত্রণের বাইরে ছিল। বিশৃঙ্খলা থামাতেই শুধু গুলি ছোড়া হয়।” 

রোববার তালেবান বিদ্রোহীরা রাজধানী কাবুলে প্রবেশ করার পর থেকেই দেশ ছাড়ার চেষ্টায় শত শত আফগান ওই বিমানবন্দরটিতে জড়ো হয়।

এই একই বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস কর্মী ও বেসামরিক নাগরিকরা আফগানিস্তান ছাড়ছেন। তাদের নিরাপদে সরিয়ে নেওয়া পর্যন্ত বিমানবন্দরটির দায়িত্বে আছে মার্কিন বাহিনী।

বিবিসি জানিয়েছে, ঘটনার সময় টারম্যাকে থাকা কয়েক হাজার আফগান দেশটি ছাড়ার প্রস্তুতি নেওয়া একটি উড়োজাহাজে ওঠার জন্য হুড়োহুড়ি শুরু করে।

“এখানে আমার খুব ভয় লাগছে। তারা শূন্যে প্রচুর গুলি ছুড়ছে,” আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে বলেছেন একজন প্রত্যক্ষদর্শী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বেশ কিছু ভিডিওতে লোকজনকে বিমানবন্দরটির রানওয়ে দিয়ে দৌড়াদৌড়ি করতে ও ফ্লাইটে ওঠার চেষ্টা করতে দেখা গেছে। একটি ভিডিওতে গুলির শব্দও শোনা গেছে। 

যুক্তরাষ্ট্রের ফ্লাইটগুলোতে দূতাবাস কর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, এতে অন্যান্যদের মধ্যে ক্ষুব্ধতা তৈরি হচ্ছে আর তাতে আরও বিশৃঙ্খলা দেখা দিচ্ছে এবং বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে বিবিসি জানিয়েছে।