কোনও প্রতিশোধ নয়, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায়: তালেবান
আফগানিস্তানের নিয়ন্ত্রণ এখন প্রায় তালেবানের হাতে চলে এসেছে। কেবল ঘোষণার অপেক্ষা। তালেবান রোববার রাজধানী কাবুলের উপকণ্ঠে পৌঁছে যাওয়ার পর তাদের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী।
কয়েক দিনের মধ্যেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে বলে আশা করছে তালেবান। এ পরিস্থিতিতে আফগান জনগণকে আশ্বস্ত করে তালেবান মুখপাত্র সুহাইল শাহিন বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তারা জনগণের ওপর কোনও প্রতিশোধ নেবেন না।
তিনি বলেন, “আফগানিস্তানের জনগণ, বিশেষ করে কাবুলের বাসিন্দাদের আমরা আশ্বস্ত করতে চাই যে, তাদের জীবন ও সম্পদ নিরাপদ। কারও ওপর কোনও প্রতিশোধ নেওয়া হবে না। আমরা জনগণ ও দেশের সেবক।’”
তালেবানের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সমঝোতা না হওয়া পর্যন্ত যোদ্ধাদেরকে রাজধানী কাবুলের প্রবেশপথগুলোতে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। তালেবান মুখপাত্র শাহিন বিবিসি-কে বলেন, “আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় আছি।”
কাবুলকে চারদিক থেকেই ঘিরে রেখেছে তালেবান বাহিনী। কাবুলের উপকণ্ঠে বাগরাম বিমান ঘাঁটিও তারা দখলে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতেই রক্তপাত, ধ্বংসযজ্ঞ এড়াতে ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের’ প্রস্তুতি শুরু করেছে দেশটির গনি সরকার।
বর্তমান সরকার ‘অন্তর্বর্তীকালীন সরকারের’ হাতে ক্ষমতা হস্তান্তর করবে। আর এই সরকারে প্রধান হিসেবে সাবেক আফগান স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমাদ জিলালির নাম শোনা যাচ্ছে।
কাবুল ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা, জনমনে আতঙ্ক:
তালেবানের অগ্রযাত্রা এবং রাজধানী কাবুলের প্রবেশপথে তাদের অবস্থানের খবর পাওয়ার পর থেকেই বাসিন্দারা শহর ছেড়ে পালাতে শুরু করেছে।
মানুষ কোন পথে শহর ছাড়বে তা ঠিক করে উঠতে না পারায় রাস্তায় গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে। ব্যাংকগুলোতে বেড়ে গেছে ব্যস্ততা। কারণ মানুষ সঞ্চিত অর্থ তুলে নিতে ব্যাংকে ভিড় করছে।
আফগানিস্তানের এক এমপি বিবিসি-কে শহরের দৃশ্য বর্ণনায় বলেন: "আমি বাসা থেকে দেখতে পাচ্ছি, মানুষজন পালানোর জন্য রাস্তা দিয়ে ছুটছে।”
“জানি না তারা কোথায় যাওয়ার চেষ্টা করছে। ঘর থেকে পালিয়ে তারা কোন রাস্তা দিয়ে কোথায় যাবে জানে না। ব্যাগ কাঁধে নিয়ে তারা চলেছে। খুবই হৃদয়বিদারক দৃশ্য।"
এর আগে এক খবরে বলা হয়, পাকিস্তান তাদের সঙ্গেকার আফগানিস্তান সীমান্ত এলাকার দখল তালেবানের হাতে চলে যাওয়ার পর তোরখাম সীমান্ত পারাপার চৌকি বন্ধ করে দিচ্ছে।
ফলে শহর থেকে বরোনোর একমাত্র পথ হচ্ছে, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর। “কিছু মানুষ গাড়ির মধ্যে চাবি রেখেই গাড়ি থেকে নেমে পড়েছে এবং পায়ে হেঁটে বিমানবন্দরের দিকে যাচ্ছে” বলে জানিয়েছেন এক বাসিন্দা।
বিবিসি-র এক সংবাদদাতা জানিয়েছেন, শহরে মানুষের মধ্যে নজিরবিহীন উদ্বেগ আর আতঙ্ক দেখা যাচ্ছে। বহু দোকান, বাজার বন্ধ হয়ে গেছে। কিছু মানুষ বলেছে তারা “জীবনে কখনও এতটা উদ্বিগ্ন হয়নি।”
কিছু কিছু সরকারি দপ্তর বন্ধ করে দেয়া হয়েছে। অনেক সেনা সদস্য এবং পুলিশ বিভিন্ন জায়গায় পদ ছেড়ে চলে গেছে।
তালেবান মুখপাত্র শাহিন বলেছেন, তালেবান গোষ্ঠী চায় না আফগানরা পালিয়ে যাক। বরং চায় মানুষজন দেশে থেকে সংঘাত পরবর্তী আফগানিস্তান পুনর্গঠনে সহায়তা করুক।
বিবিসি জানায়, কাবুলের কোথাও কোথাও বিক্ষিপ্ত গুলির শব্দ পাওয়া যাচ্ছে। সরকারি বাহিনী শহরের বিভিন্ন এলাকা এবং চেকপয়েন্টগুলো ছেড়ে চলে যাওয়ায় বিশৃঙ্খলা ও লুটপাট ঠেকাতে তালেবান যোদ্ধারা শহরের কোথাও কোথাও ঢুকছে বলেও খবর পাওয়া যাচ্ছে।
