২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু, নিখোঁজ ১০

তুরস্কের কৃষ্ণসাগর সংলগ্ন উপকূলীয় অঞ্চলে বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যুর পর নিখোঁজ আরও ১০ জনের সন্ধানে ওই এলাকায় ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2021, 02:46 PM

Updated : 10 Oct 2022, 06:11 PM

কয়েক বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে মারাত্মক এ বন্যায় নিখোঁজদের পরিবারের সদস্যরা শনিবার ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে উদ্ধারকারী দলগুলোর অনুসন্ধান উদ্বিগ্নভাবে পর্যবেক্ষণ করছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে সবার মধ্যে এমন আশঙ্কা কাজ করছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। চলতি মাসে ভয়াবহ দাবানলের পর দ্বিতীয় আরেকটি প্রাকৃতিক দুর্যোগের শিকার হল দেশটি।

বন্যায় কৃষ্ণসাগর তীরবর্তী বোজকুর্ট শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, রয়টার্সের ড্রোন ফুটেজে এমনটি দেখা গেছে। এখানে ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোতে অনুসন্ধান চালাচ্ছেন দেশটির জরুরি বিভাগের কর্মীরা।

তুরস্কের দুর্যোগ ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা অধিদপ্তর (এএফএডি) জানিয়েছে, বোজকুর্ট যে জেলায় অবস্থিত সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেই কাস্তামোনু জেলায় বন্যায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। উপকূলীয় সিনোপ শহরে আরও সাত জন এবং বারতিনে একজন মারা গেছেন। 

প্রবলবেগে বয়ে যাওয়া একটি নদীর তীরবর্তী ধসে পড়া এক ভবনে ১০ জন চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তীব্র বেগে বয়ে যাওয়া বন্যার পানির তোড়ে আরও কয়েকটি অ্যাপার্টমেন্ট ব্লকের ফাউন্ডেশন ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে।

নিখোঁজদের স্বজনরা খবরের জন্য বেপরোয়া হয়ে বিপজ্জনক ভবনগুলোর কাছেই দাঁড়িয়ে ছিলেন।

স্থানীয় বাসিন্দা ৪২ বছর বয়সী ইলিয়াস কালাবালিক বলেন, “এটি নজিরবিহীন। বিদ্যুৎ নেই। মোবাইল ফোনগুলো বন্ধ হয়ে আছে। কেউ দেখারও নেই। কোথাও থেকে কোনো খবরও পাওয়া যাচ্ছে না।

“পানি বাড়ছে না কমছে, ভবনগুলোতে পানি আছে কিনা, কোনো ধারণা নেই আমাদের। আমরা শুধু অপেক্ষা করছি”

কালাবালিকের আশপাশে স্থানীয় অনেক বাসিন্দা দাঁড়িয়েছিলেন, তারা পরস্পরকে নিখোঁজদের সম্পর্কে কারও কাছে কোনো খবর আছে কিনা জিজ্ঞেস করছিলেন।

কালাবালিক রয়টার্সকে বলেন, “আমার খালার ছেলেরা এখানে আছেন, কিন্তু খালা নিখোঁজ। তার স্বামীও নিখোঁজ। আমাদের ভবনের ম্যানেজারের স্ত্রী তাদের দুই সন্তানসহ নিখোঁজ।”

বোজকুর্টের নিকটবর্তী একটি গ্রামে তিন দিনেরও কম সময়ের মধ্যে প্রায় ৪৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সেখানকার বিশোর্ধ্ব এক বাসিন্দা এলিফ বলেন, “কী ভয়াবহ! আমি কিছুতেই আমার মাথা থেকে ছানাপোন অলা একটা কুকুরের চিৎকার তাড়াতে পারছি না।” 

পানির তোড়ে বহু গাড়ি উল্টে পড়ে গেছে। রাস্তায় রাস্তায় আবর্জনার স্তূপ পড়ে আছে। বহু সেতু ধ্বংস হয়ে গেছে। রাস্তা বন্ধ হয়ে আছে এবং শত শত গ্রাম বিদ্যুৎবিহীন হয়ে আছে।    

চলতি মাসে তুরস্ককে দেশটির দক্ষিণাঞ্চলে দেখা দেওয়া ভয়াবহ দাবানলের বিরুদ্ধেও লড়তে হয়েছে।

মারমারিস ও আশপাশের বিভিন্ন এলাকার কয়েক হাজার বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য করা ওই আগুনগুলো এখন নিয়ন্ত্রণে আছে। তুরস্কের এ দফার দাবানলে আট জনের প্রাণ গেছে, পুড়ে গেছে এক লাখেরও বেশি হেক্টর জমির গাছপালা।

সাম্প্রতিক দুর্যোগগুলো মোকাবেলায় সরকারের ভূমিকা নিয়ে তুরস্কজুড়ে ব্যাপক সমালোচনার মধ্যে শুক্রবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান কাস্তামোনু সফর করেছেন এবং বন্যায় মৃত কয়েকজনের শেষকৃত্যে অংশ নিয়েছেন।

তিনি হতাহতদের পরিবারকে সহযোগিতা ও ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস দিয়েছেন।

এখন পর্যন্ত বন্যাদুর্গত এলাকার এক হাজার ৭০০-র বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ২০০ গ্রাম এখনো বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে।

গ্রীষ্মকালে তুরস্কের কৃষ্ণসাগর সংলগ্ন পাহাড়ি এলাকাগুলোতে প্রায়ই বন্যা দেখা যায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলিমান সোয়লু অবশ্য বৃহস্পতিবার বন্যাক্রান্ত এলাকা সফর করতে গিয়ে ‘জীবদ্দশায় এরকম দুর্যোগ আর দেখিনি’ বলে মন্তব্য করেছেন।