রকেট ছুড়ে যুদ্ধাপরাধ করেছে হামাস: এইচআরডব্লিউ
চলতি বছরের মে মাসে গাজা থেকে ইসরায়েলে ফিলিস্তিনিদের রকেট ছোড়ার ঘটনাকে যুদ্ধাপরাধ অ্যাখ্যা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর ওই হামলা ছিল যুদ্ধের আইনকানুনের ‘সুস্পষ্ট লংঘন’, এ সম্পর্কিত এক তদন্ত শেষে এইচআরডব্লিউ এমনটাই বলেছে বলে জানিয়েছে বিবিসি।
মে-তে দুই পক্ষের ওই সংঘর্ষের সময় ইসরায়েলকে লক্ষ্য করে ৪ হাজার ৩৬০টির বেশি লক্ষ্য সুনির্দিষ্ট নয় এমন রকেট ও মর্টার ছোড়া হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। এতে ১৩ জন নিহত হয়। কিছু রকেট ইসরায়েলের বদলে গাজাতেই পড়ে এবং ফিলিস্তিনিদের প্রাণ কেড়ে নেয়।
দখলকৃত পূর্ব জেরুজালেমের একটি এলাকা ও আল-আকসা মসজিদকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বৃদ্ধির এক পর্যায়ে মে-র মাঝামাঝি হামাস ইসরায়েলের স্থাপনা লক্ষ্য করে রকেট ছুড়লে ইসরায়েলও পাল্টা গাজায় বিমান হামলা শুরু করে। বেধে যায় সংঘর্ষ।
সেসময় ইসরায়েলের তিনটি বিমান হামলায়ও যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গেছে বলে গত মাসে জানিয়েছিল এইচআরডব্লিউ। ওই বিমান হামলায় ৬২ বেসামরিক নিহত হয়েছিল, যেখানে হামলা হয়েছে তার ধারেকাছেও কোনো সামরিক স্থাপনা ছিল বলে প্রমাণ পাওয়া যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা কেবল সামরিক স্থাপনা লক্ষ্য করেই হামলা চালিয়েছিল। বেসামরিক হতাহত এড়াতে নানান পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও দাবি করছে তারা।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে এইচআরডব্লিউ জানায়, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ছোড়া রকেট ও মর্টারের সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার ব্যবস্থায় ঘাটতি ছিল। সেসব রকেট ও মর্টার বেসামরিক এলাকায় পড়লে প্রাণহানির সম্ভাবনা বাড়ে।
“বেসামরিক এলাকায় এ ধরনের রকেট ছুড়ে হামলা চালানো যুদ্ধাপরাধ,” বলা হয়েছে প্রতিবেদনে।
ইসরায়েলের মানবাধিকার লংঘনের দিকে ইঙ্গিত করতে গিয়ে এ ধরনের বেআইনী রকেট হামলায় নির্বিচারে প্রাণহানি ও আহতের ঘটনাকে বৈধতা দেওয়ার চেষ্টা বন্ধ করতে হবে হামাস কর্তৃপক্ষকে, বলেছেন এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ভারপ্রাপ্ত পরিচালক এরিক গোল্ডস্টেইন।
“যুদ্ধের আইনকানুন করাই হয় বেসামরিকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে,” বলেন তিনি।
ফিলিস্তিনিদের ছোড়া রকেট ও মর্টারের ভুল আঘাতে গাজার অজ্ঞাত সংখ্যক মানুষ হতাহত হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
জাবালিয়া শহরের ওপর এরকম এক ‘মিসফায়ারে’ ৭ বেসামরিক নিহত ও ১৫ জন আহত হয়েছে, জানিয়েছে তারা।
ইসরায়েলি সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, হামাসের ছোড়া রকেট ও মর্টারের মধ্যে ৬৮০টি গাজা ভূখণ্ডেই পড়েছে। এসব ‘মিসফায়ারে’ ৯১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি থিঙ্ক-ট্যাঙ্ক বেগিন-সাদাত সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ।
এইচআরডব্লিউ জানিয়েছে, তারা এখন গাজার ৪টি সুউচ্চ টাওয়ার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা ইসরায়েলি বিমান হামলা নিয়ে প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।
২০০৬ সালে ফিলিস্তিনের নির্বাচনে জয়লাভ এবং পরে গাজা থেকে মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টিকে হটিয়ে দেওয়ার পর থেকে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে মে-র সংঘর্ষটিই ছিল সবচেয়ে বড়। শেষ পর্যন্ত মিশরের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে পৌঁছায়।
