সুইস পর্যটকের মৃত্যুতে অভিযুক্ত থাই নাগরিক
সুইজারল্যান্ড থেকে আসা এক পর্যটকের মৃত্যুর দায়ে ২৭ বছর বয়সী এক নাগরিককে অভিযুক্ত করেছে থাইল্যান্ডের পুলিশ।
গত সপ্তাহে দেশটির ফুকেট অঞ্চলের একটি দ্বীপে জলপ্রপাতের কাছে ওই সুইস নারী পর্যটকের মৃতদেহ খুঁজে পাওয়া যায়।
স্থানীয়রা জানান, ৫৭ বছর বয়সী এই নারীর নাম নিকোল সুভান-ওয়েইস্কফ।
বিবিসি জানায়, পানিতে মুখ ডুবে থাকা অবস্থায় কালো কাপড়ে মুড়ানো মৃতদেহটি খুঁজে পাওয়া যায়। তার জুতা, কাপড় এবং ফোনও কাছাকাছি জায়গা থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় থাইল্যান্ডের নাগরিক থিরায়ুট তরটিপ পুলিশের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে জানান, তিনি নিকোলকে খুন করে তার ব্যক্তিগত সামগ্রী চুরি করেন।
“আমি নিহতের পরিবারের কাছে ক্ষমা চাইছি। আরও ক্ষমা চাইছি সব থাই নাগরিকের কাছে” বলেন থিরায়ুট।
“ফুকেট স্যান্ডবক্স” নামের নতুন পর্যটন পরিকল্পনার অংশ হিসেবে ১৩ জুলাই থাইল্যান্ডে আসেন সুইস এ পর্যটক। এই মৃত্যুতে স্থানীয় কর্মকর্তারা পর্যটন অঞ্চলগুলোতে নিরাপত্তা বাড়াচ্ছেন।
“ফুকেট স্যান্ডবক্স” পরিকল্পনায় দুই ডোজ টিকা নেওয়া পর্যটকরা কোয়ারেন্টিন ছাড়াই ফুকেটে ভ্রমণ করতে পারবেন, তবে আগমনের ১৪ দিনের মধ্যে থাইল্যান্ডের মূল ভূখণ্ডে যেতে পারবেন না তারা।
