২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাপিটল দাঙ্গা: নিষ্ক্রিয়তায় দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে জানুয়ারিতে ডনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার সময় ঘটনাস্থলে নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2021, 11:42 AM

Updated : 02 Aug 2022, 06:11 PM

বিবিসি জানায়, ওই হামলার একটি তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে সিয়াটলের পুলিশ কর্মকর্তা আলেকজান্ডার এভেরেট ও কেইটলিন এভেরেট দম্পতিকে শুক্রবার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ওই ঘটনার তদন্ত প্রতিবেদনে বলা হয়, এই পুলিশ দম্পতি ক্যাপিটলের সংরক্ষিত আঙ্গিনায় অনুপ্রবেশ করেছিলেন এবং দাঙ্গাকারীদের পাশেই দাঁড়িয়ে ছিলেন।

প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতাগ্রহণ আটকে দিতে গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবন ও এর আশপাশের এলাকায় হামলা চালায় তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের কট্টর সমর্থকরা। ওই দাঙ্গায় ক্যাপিটলের পুলিশ বাহিনীর এক কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়। 

ওই দাঙ্গায় জড়িত অভিযোগ কমপক্ষে ৫৩৫ জনকে গ্রেপ্তার করা হয়।

ওই সহিংসতায় ট্রাম্প উসকানি দিয়েছেন বলে ডেমোক্র্যাটরা এবং বেশ কয়েকজন রিপাবলিকান নেতা অভিযোগ করেন। ফলে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার অভিশংসনের মুখোমুখি হন ট্রাম্প।

সিয়াটলের পুলিশের অন্তর্বর্তী প্রধান অ্যাড্রিয়ান ডিয়াজ দুই পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুতির সিদ্ধান্ত ঘোষণা করেন।

তদন্ডে জানা গেছে, এই দুই পুলিশ ওয়াশিংটন ডিসিতে তাদের কর্মকাণ্ড ধামাচাপার চেষ্টা করেছিলেন।

“আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের এমন আচরণ সহ্য করা হবে না,” বলেন ডিয়াজ।

ক্যাপিটলে দাঙ্গাকারীদের হামলার আগে ট্রাম্প-সমর্থকদের এক সমাবেশেও অংশ নিয়েছিলেন এভেরেট দম্পতি। তাদের দাবি, তারা কিছুটা দূরে ছিলেন এবং হামলার ঘটনা দেখেননি।

৬ জানুয়ারি ক্যাপিটলে দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ কর্মকর্তা দাঙ্গার ঘটনা তদন্তে গঠিত একটি কংগ্রেস কমিটির কাছে সাক্ষী দিয়েছেন গত মাসে।

সাক্ষ্যে অ্যাকুইলিনো গনেল নামের একজন পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারীদের পায়ে নিচে পিষ্ট হওয়ার ভয়ে ছিলেন তিনি।

আরেক কৃষ্ণাঙ্গ কর্মকর্তা হ্যারি ডানের অভিযোগ, ওইদিন তিনি বর্ণবাদের শিকার হয়েছেন।