২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে দাবানলের বিস্তৃতিতে সরানো হচ্ছে হাজারো লোককে, ২ মৃত্যু

গ্রিসজুড়ে দাবানল ছড়িয়ে পড়ায় রাজধানী এথেন্সের উত্তরাঞ্চল থেকে পর্যটকসহ কয়েক হাজার লোককে সরিয়ে নেওয়া হচ্ছে, এক দমকল কর্মীসহ অন্তত দুই জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2021, 09:54 PM

Updated : 07 Apr 2022, 11:27 PM

প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রা আগুন নিয়ন্ত্রণ কঠিন করে তুলেছে বলে জানিয়েছে বিবিসি। 

এথেন্সের কাছে ছাই ও প্রচুর ধোঁয়ার মেঘ জমা হয়ে আছে, এ পরিস্থিতিতে আরও কিছু লোককে তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বলা হবে বলে ধারণা করা হচ্ছে।

গ্রিসজুড়ে দেড়শরও বেশি দাবানল জ্বলছে বলে জানা গেছে। ছয়টি এলাকায় উচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। 

এই গ্রীষ্মে ইউরোপের বহু অংশের মতো গ্রিসও চরম আবহাওয়ার কবলে পড়েছে। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস বলেছেন, “দাবানল জলবায়ু পরিবর্তনের বাস্তবতা তুলে ধরেছে।”

প্রায় ২০টি পানি-বর্ষণকারী আকাশযানসহ শত শত দমকলকর্মী দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বিভিন্ন দেশ আরও দমকলকর্মী ও বিমান পাঠাচ্ছে।

অনুমান করা যাচ্ছে না এমন বাতাসের কারণে সবচেয়ে তীব্র হয়ে ওঠা আগুন এথেন্সের উত্তর দিকজুড়ে ছড়িয়ে পড়েছে। শহরটির ওই প্রান্তে বৈদ্যুতিক খুঁটি পড়ে ৩৮ বছর বয়সী এক স্বেচ্ছাসেবক দমকলকর্মীর মৃত্যু হয়েছে। 

অপর যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি এথেন্স চেম্বার অব কমার্সের সভাপতি কনসতাতিনোস মিখালোস। আগুনে পুড়তে থাকা একটি এলাকার এক কারখানার ভেতরে অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল। এছাড়া আরও প্রায় ২০ জন বিভিন্নভাবে জখম হয়েছেন।

গত সপ্তাহজুড়ে তাপমাত্রা ৪০ সেলসিয়াসের ওপরে থাকলেও শনিবার তামপাত্র কমে ৩৫ সেলিসিয়াসের কাছাকাছি নেমে আসে। কিন্তু তারপরও দাবানল অব্যাহত থেকে আরও ছড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।   

এর আগে এথেন্সের বাইরে আগুনে বাড়ি, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হওয়ার মধ্যে হাজার হাজার লোককে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এথেন্সের নিকটবর্তী দ্বীপ পিভিয়া এবং প্রাচীন অলিম্পিয়ার কাছাকাছি এলাকায়ও আগুন জ্বলছে। এই অলিম্পিয়াতেই অলিম্পিক গেমসের জন্ম হয়েছিল।