পশ্চিম সাহারা উপকূলে ৪০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা
পশ্চিম সাহারা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সময় প্রায় ৫০ জনকে বহনকারী একটি নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ৪০ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার স্পেনের একটি এনজিও এমনটি জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
অভিবাসন প্রত্যাশীদের স্রোত পর্যবেক্ষণকারী এনজিও ক্যামিনান্দো ফ্রন্তেরার এলেনা মালেনো এক টুইটে বলেন, “দুঃখজনক ঘটনা: ৪২ জন লোক যাদের মধ্যে ৩০ জন নারী, আটটি শিশু ও চার জন পুরুষ, ডাকলা উপকূলে নৌকা উল্টে যাওয়ার পর মারা গেছেন।”
স্পেনের সংবাদপত্র এল পায়িস সরকারি সূত্রগুলো উদ্ধৃত করে জানিয়েছে, যাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে তাদের সংখ্যা ৩০।
মালেনো জানিয়েছেন, ১০ জন বেঁচে গেছেন, জেলেরা তাদের সাগর থেকে উদ্ধার করেছেন।
মঙ্গলবার বিরূপ আবহাওয়ার মধ্যে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটি রওনা হওয়ার পর দুর্ঘটনাটি ঘটে কিন্তু শুক্রবার ঘটনার বিস্তারিত প্রকাশ পায়।
স্পেনের সরকারি হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত আফ্রিকার পশ্চিমাঞ্চল থেকে অন্তত সাত হাজার ৫৩১ জন স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে গিয়ে পৌঁছেছেন, ২০২০ এর একই সময়ের তুলনায় যা ১৩৬ শতাংশ বেশি।
ক্যামিনান্দো ফ্রন্তেরা জানিয়েছে, আফ্রিকার পশ্চিমাঞ্চল থেকে সাগরপথে স্পেনের যাওয়ার বিপজ্জনক চেষ্টায় ২০২১ সালের প্রথম ছয় মাসে দুই হাজার ৮৭ জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন।
