২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাবানলে ধ্বংস ক্যালিফোর্নিয়ার ঐতিহাসিক শহর

সবচেয়ে বড় দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য। তিন সপ্তাহ ধরে জ্বলতে থাকা এই দাবানলে প্রায় পুরোই ধ্বংস হয়ে গেছে গ্রিনভিলের ঐতিহাসিক গোল্ড রাশ শহর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2021, 10:36 PM

Updated : 07 Apr 2022, 11:27 PM

নিরাপদে সরে যেতে বলা হয়েছে শহরটির ৮০০ বাসিন্দাকে। গত বুধবার স্থানীয় সময় রাতে শহরটিতে আগুন ছড়িয়ে পড়ে।

আগুনের শিখায় ঐতিহাসিক বেশিরভাগ ভবন ধ্বংস হয়ে গেছে। এক শতাব্দীরও বেশি পুরনো ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশ যুগে নির্মিত ভবনগুলোসহ একটি গ্যাস স্টেশন, হোটেল এবং বারও ধ্বংস হয়েছে।

বিবিসি জানায়, এবারের দাবানলকে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে অষ্টম বৃহত্তম বলে অভিহিত করা হচ্ছে। তীব্র এই দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দেশটির কর্মকর্তা ও দমকল কর্মীরা।

ঘটনাস্থল থেকে তোলা কয়েকটি ছবিতে দেখা গেছে, আগুনে পুড়ছে গ্রিনভিল শহরের গাছ। তাপে ঝলসে গেছে বিভিন্ন কাঠামো।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শহরটির ছবি পোস্ট করেছেন একজন আলোকচিত্রী। তাতে দেখা গেছে, ধাতব একটি লাইটপোস্ট পর্যন্ত তাপে গলে গেছে।

তবে দাবানলের ঘটনায় গ্রিনভিল শহরে এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। কিন্তু শহরটি থেকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ কিছু মানুষ হয়ত নাও শুনে থাকতে পারেন, বলছেন কর্মকর্তারা।

আগুনে ক্ষয়ক্ষতির পুরো চিত্র তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে ঘটনাস্থলের ছবি এবং ভিডিও দেখে আঁচ করা যায় যে, আগুন ব্যাপক তাণ্ডব চালিয়েছে।

ওই অঞ্চলের প্রতিনিধিত্বকারী মার্কিন কংগ্রেস সদস্য ডগ লামালফা বুধবারের দাবানলের ভয়াবহতার কথা জানাতে গিয়ে বলেছেন, “আমরা আজ রাতে গ্রিনভিলকে হারিয়েছি, কিছু বলার ভাষা নেই।”

তিন সপ্তাহের দাবানল গ্রাস করেছে প্রায় ৩ লাখ ২২ হাজার বর্গ একর জমি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় দাবানলের মাত্র ৩৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে। কিন্তু তার মধ্যেই ধ্বংস হয়ে গেছে অনেক কাঠামো, ঘরবাড়ি।

জলবায়ু পরিবর্তনের ফলে বাড়তি তাপমাত্রা এবং শুষ্ক আবহাওয়া দাবানলের ভয়াবহতা আরও বাড়িয়ে দেওয়ার ঝুঁকি সৃষ্টি করেছে, বলছেন বিশেষজ্ঞরা।