২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে ফিরলেন নিহত প্রেসিডেন্ট ময়িসের স্ত্রী

হাইতির নিহত প্রেসিডেন্ট জোভেনেল ময়িসের স্ত্রী মার্টিন ময়িস স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দেশে ফিরেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2021, 05:00 PM

Updated : 07 Apr 2022, 11:22 PM

৭ জুলাই ভোররাতে তাদের ব্যক্তিগত বাসভবনে হামলার সময় মার্টিন গুরুতর আহত হয়েছিলেন, তারপর থেকে যুক্তরাষ্ট্রের মায়ামিতে চিকিৎসারত ছিলেন তিনি।

ওই রাতে স্বয়ংক্রিয় রাইফেলধারী হামলাকারীরা ময়িসকে তার পোর্ট-অ-প্রিন্সের বাড়িতে নিজের শয়নকক্ষের ভেতরে গুলি করে হত্যা করে। এতে আগে থেকেই দাঙ্গা, বিক্ষোভে অস্থিরতার মধ্যে থাকা হাইতি গভীর সংকটে পড়ে।

অনিশ্চয়তার মুখে পড়া দেশটি প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রে জড়িতদের শনাক্ত করতে উন্মত্তের মতো তদন্ত শুরু করে বলে মন্তব্য করেছে বার্তা সংস্থা রয়টার্স।  

শনিবার হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের তুঁসা ল্যুভারচু আন্তর্জাতিক বিমানবন্দরে মার্টিন ময়িসের ফিরে আসার একটি ভিডিও টুইট করেছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর।

এতে দেখা যায় পুরো কালো পোশাক পরা, উপরে একটি বুলেট প্রুফ ভেস্ট চাপানো ও জখম হাত একটি স্ট্রাইপের মধ্যে ঝুলিয়ে বিমান থেকে নেমে আসছেন মার্টিন। বিমানবন্দরে হাইতির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ক্লদ যোশেফ তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, “প্রধানমন্ত্রী ডাঃ ক্লদ যোশেফ ফার্স্ট লেডি মার্টিন ময়িসকে স্বাগত জানিয়েছেন, তিনি তার তার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে হাইতিতে এসেছেন।”

গত সপ্তাহের মাঝামাঝি মায়ামি থেকে এক টুইটে মার্টিন জানিয়েছিলেন, তিনি এখনও তার স্বামীর হত্যাকাণ্ডের ঘটনাটি মেনে নিতে পারছেন না। এই ভয়ঙ্কর সময়ে ‘যেসব অভিভাবক তুল্য দেবদূতের দল’ তাকে সাহায্য করেছিল ‍টুইটে তাদের ধন্যবাদ দিয়েছেন তিনি।

ময়িস হত্যাকাণ্ডের মিশনে ২৬ কলম্বিয়ান ও দুই হাইতিয়ান মার্কিন নাগরিক ছিলেন বলে হাইতির কর্তৃপক্ষগুলো জানিয়েছে। ঘটনার পর হত্যাকারী দলের ১৮ জন কলম্বিয়ান ও দুই হাইতিয়ান-মার্কিনকে গ্রেপ্তার করা সম্ভব হয়, পাঁচ জন কলম্বিয়ান এখনো পালিয়ে আছেন আর তিন জন নিহত হয়েছেন।