২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইঞ্জিন বিকল হওয়ায় ‘জরুরি অবতরণ’ করে রাশিয়ার উড়োজাহাজ

রাশিয়ার সাইবেরিয়ায় ১৮ যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া উড়োজাহাজ আন্তোনোভ এন-২৮ যান্ত্রিক গোলযোগের কারণে নির্ধারিত সময়ের এক দিন আগেই ‘জরুরি অবতরণ’ করে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Jul 2021, 11:01 PM

Updated : 07 Apr 2022, 11:22 PM

শুক্রবার ১৮ জন আরোহী নিয়ে যাত্রীবাহী এ উড়োজাহাজটি সাইবেরিয়ার তমস্ক অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়েছিল।

শনিবারে তদন্ত কমিটি জানায়, উড্ডয়নের প্রায় ১০ মিনিট পরই উড়োজাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর সেটি কেদরোভি শহর থেকে ৭০ কিলোমিটার দূরে এক জায়গায় জরুরি অবতরণ করতে গেলে উল্টে যায়।

উড়োজাহাজটি উল্টে গেলেও ১৮ আরোহীর কেউই গুরুতর আহত হননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তোমস্ক শহরের কাছে ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটির পাশে থেকেই আহতদেরকে উদ্ধার করা হয়।

আরোহীদের সবাইকে উদ্ধার করা হয়েছে, তারা নিরাপদে আছেন। একজন পাইলটের পা ভেঙেছে এবং একজন কিশোরকে প্রচণ্ড ধাক্কা পরবর্তী চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা কাঁটা-ছেঁড়া বাদে গুরুতর কোন আঘাত পাননি।

তদন্তের অংশ হিসেবে উড়োজাহাজটির কাগজপত্র, তেলের নমুনা এবং জরুরী ‘লোকেটর’ জব্দ করা হয়েছে।

এর আগে রাশিয়ার একইরকম আরেকটি উড়োজাহাজ আন্তোলোভ এন-২৬ দৃশ্যমানতা কম থাকায় রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়েছিল। এতে মারা গিয়েছিলেন ২৮ আরোহীর সবাই।

২০১২ সালে কামচাটকার বনের মাঝে হারিয়ে গিয়েছিল আরেকটি উড়োজাহাজ, সে দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ১০ জন। তদন্তকারীরা জানান, দুর্ঘটনার সময় ঐ বিমানের দুই পাইলটই মাতাল ছিলেন।

সম্প্রতিকালে রাশিয়ায় উড়োজাহাজের সুরক্ষার মান ভাল হলেও পুরনো উড়োজাহাজের দুর্ঘটনা বিরল নয়।