২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আরোহী নিয়ে নিখোঁজ রাশিয়ার উড়োজাহাজ

১৭ জন আরোহী নিয়ে রাশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ আন্তোনোভ এন-২৮ সাইবেরিয়ার তমস্ক অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Jul 2021, 11:04 PM

Updated : 07 Apr 2022, 11:22 PM

শুক্রবার এ ঘটনা ঘটে। এ মাসে উড়োজাহাজ নিখোঁজের দ্বিতীয় ঘটনা এটি।

অঞ্চলটির গভর্নর জানান, নিখোঁজ উড়োজাহাজটি খুঁজতে ঘটনাস্থলে দু’টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ১৭ আরোহীর তিনজন ক্রু ছিলেন বলে জানান তিনি।

এর দু’সপ্তাহেরও কম সময় আগে একইরকম আরেকটি উড়োজাহাজ এন-২৬ দৃশ্যমানতা কম থাকায় পূর্ব রাশিয়ার কেমচাটকা উপদ্বীপে পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়েছিল। এতে মারা গিয়েছিলেন ২৮ আরোহীর সবাই।

২০১২ সালে কেমচাটকার বনের মাঝে হারিয়ে গিয়েছিল আরেকটি উড়োজাহাজ, সে দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ১০ জন। তদন্তকারীরা জানান, দুর্ঘটনার সময় ঐ বিমানের দুইজন পাইলটই মাতাল ছিলেন।

সম্প্রতিকালে উড়োজাহাজের সুরক্ষার মান ভাল হলেও পুরনো উড়োজাহাজের দুর্ঘটনা বিরল নয়।