২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান-আফগানিস্তান ‘ফ্রেন্ডশিপ গেইট’ তালেবানের দখলে

পাকিস্তানের সমুদ্রবন্দরগুলোর সঙ্গে আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদারটি দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2021, 01:33 PM

Updated : 02 Aug 2022, 06:05 PM

বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আফগানিস্তানের স্পিন বলদাক সীমান্তে ওয়েশ-চামান সীমান্ত ক্রসিং দখলে নেওয়ার পর একটি ভিডিও বার্তা প্রচার করেছে তালেবান বাহিনী।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর এই সীমান্ত ক্রসিং দখল করা তালেবানের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

তালেবানের প্রচারিত ভিডিওতে দেখা গেছে, সীমান্তের ‘পাকিস্তান-আফগানিস্তান ফ্রেন্ডশিপ গেইটের’ সামনে যোদ্ধারা সাদা কাপড়ে কালো অক্ষরে লেখা পতাকা ওড়াচ্ছে।

এই ক্রসিংয়ের এক পাশে আফগানিস্তানের ওয়েশ শহর অন্যপাশে পাকিস্তানের চামান শহর অবস্থিত।

ভিডিতে ক্যামেরার সামনে এক তালেবান যোদ্ধা বলেন, “আমেরিকা ও তার পাপেটদের দুই দশকের নিষ্ঠুরতার পর এই গেইট এবং স্পিন বলদাক জেলা তালেবানের দখলে এসেছে। মুজাহিদিন এবং এর জনগণের দৃঢ় প্রতিরোধ শত্রুকে এই এলাকা ত্যাগ করতে বাধ্য করেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইসলামি আমিরাতের পতাকা। এই পতাকা ওড়ানোর জন্য হাজারো মুজাহিদিন তাদের রক্তপাত করেছে।”

স্পিন বলদাক জেলার এই সীমান্ত ক্রসিংটি সেদেশের দ্বিতীয় ব্যস্ততম প্রবেশদ্বার। আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের সঙ্গে পাকিস্তানের সমুদ্রবন্দরগুলোর যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। সেদেশের দক্ষিণাঞ্চলের বাণিজ্যের ধমনী হিসেবে বিবেচনা করা হয় এই সীমান্ত ক্রসিংটিকে।

আফগানিস্তানের সরকারি তথ্য থেকে জানা যায়, দিনে ৯০০ ট্রাক এই সীমান্ত পথ ব্যবহার করে আসছিলো।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি বাহিনী তালেবানদের হঠিয়ে দিয়েছে এবং জেলার নিয়ন্ত্রণ এখনও তাদের কাছেই আছে। তবে সাধারণ নাগরিক ও পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন ক্রসিংয়ের নিয়ন্ত্রণ এখনও তালেবানের হাতেই রয়েছে।

সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকারী পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, “ওয়েশ, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্যের ক্ষেত্রে যে শহরটি খুবই গুরুত্বপূর্ণ, দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা।”

পাকিস্তানের চামান শহরের কর্মকর্তারা জানান, ফ্রেন্ডশিপ গেইট দিয়ে সব ধরনের যাতায়াত স্থগিত করে রেখেছে তালেবানরা।

সম্প্রতি হেরাত, ফারাহ ও কুন্দুজ প্রদেশের গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংও দখল করেছে তালেবান বাহিনী।

এদিকে উত্তরাঞ্চলের বালখ প্রদেশে সফররত আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি মঙ্গলবার সেখানকার নাগরিকদের সঙ্গে দেখা করেন এবং তাদের আশ্বস্ত করেন যে ‘তালেবানের মেরুদণ্ড গুঁড়িয়ে দেওয়া হবে।’

ওই প্রদেশেও তালেবান যোদ্ধারা সরকারি বাহিনীকে পরাস্ত করে বেশ কয়েকটি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে।

প্রেসিডেন্ট ঘানি নাগরিকদের বলেন, সরকারি বাহিনী দ্রুতই তালেবানের কাছে হারানো এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করবে।

পশ্চিমাঞ্চলের প্রদেশ হেরাতে একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, তালেবান বাহিনী সালমা বাঁধে কয়েক দফা মর্টার হামলা চালিয়েছে। জলবিদ্যুৎ উৎপাদন ও সেচ প্রকল্পের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা।

আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ বলেন উত্তরের বাদাখশান প্রদেশে তালেবানরা স্থানীয় সংখ্যলঘু কিরঘিজ আদিবাসীদের বাধ্য করছে ইসলাম গ্রহণ করতে অথবা তাদের ভিটেমাটি ছেড়ে যেতে। শতাব্দীর পর শতাব্দী ধরে সেখানে বসবাস করে আসা ওইসব আদিবাসী এখন সীমান্ত পার হয়ে তাজিকিস্তানে তাদের ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে।

আফগান বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে লড়াই থামানোর বিষয়ে কাতারে কয়েক দফা বৈঠক হলেও তেমন অগ্রগতি অর্জিত হয়নি। কাবুল থেকে কূটনীতিকরা আবারও আলোচনার জন্য কাতারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।