গ্রেপ্তারের হুমকিতেও নির্বাচনী আইন ঠেকাতে বেপরোয়া টেক্সাস ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের টেক্সাসে রিপাবলিকানদের ভোটে কড়াকড়ির নতুন একটি আইন পাস ঠেকানোর চেষ্টায় দলবেঁধে রাজ্য ছেড়ে চলে যাওয়া ৫০ জনেরও বেশি ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা এখন গ্রেপ্তারের হুমকির মুখেও আর ফিরে না আসার অটল অবস্থান জানিয়েছেন।
বিবিসি জানায়, আইনটি নিয়ে রাজ্যের প্রতিনিধি পরিষদে (হাউজ) ভোট আটকে দিতে গত সোমবার টেক্সাস ছেড়ে ওয়াশিংটন ডিসিতে চলে যান এই ডেমোক্র্যাটরা। এরপরই মঙ্গলবার এই রাজনীতিবিদদের গেপ্তারের হুমকি দিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট। তিনি বলেন, “তারা টেক্সাসে ফেরা মাত্র গ্রেপ্তার করা হবে।”
গ্রেপ্তারি পরোয়ানার আওতায় প্রয়োজনে টেক্সাস ছেড়ে যাওয়া এই ডেমোক্র্যাটদের খুঁজে বের করে ফিরিয়ে আনতে রাজ্য পুলিশকে কর্তৃত্বও দিয়েছে হাউজের রিপাবলিকানরা। যদিও টেক্সাসের বাইরে কিছু করার এখতিয়ার রাজ্য পুলিশের নেই।
কিন্তু ওয়াশিংটনে অবস্থান করা ডেমোক্র্যাটরা এই হুমকির মুখেও টেক্সাসে ফিরে না আসার অঙ্গীকার করেছেন। তারা বলছেন, ৬ অগাস্ট পর্যস্ত তারা রাজ্যের বাইরেই থাকবেন; যাতে টেক্সাসে নতুন আইন পাসের জন্য প্রস্তাবিত বিল নিয়ে অনুষ্ঠেয় ৩০ দিনের বিশেষ অধিবেশন শেষ হয়ে যায়।
বিতর্কিত নির্বাচনী আইন প্রণয়ন নিয়ে এই নাটকীয়তা শুরু হয় গত সপ্তাহে, যখন টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবোট আইনসভার বিশেষ অধিবেশনের জন্য আইনপ্রণেতাদেরকে রাজ্যের রাজধানী অস্টিনে ডেকে পাঠান।
অস্টিনের রিপাবলিকানরা রাজ্যের নির্বাচনী ব্যবস্থায় রদবদলের অভিপ্রায় নিয়ে এগিয়ে যেতে চাইছে। রিপাবলিকান পরিচালিত কয়েকটি রাজ্যের অন্যতম হচ্ছে টেক্সাস, যে রাজ্যে নির্বাচনী নিরাপত্তার নামে নতুন আইন করে মানুষের ভোটাধিকারের ওপর কড়াকড়ির চেষ্টা চলছে।
মঙ্গলবার সন্ধ্যায় টেক্সাসের সেনেটে বিলটির সংস্করণ ১৮-৪ ভোটে পাস হয়েছে। কিন্তু হাউজে বিলটি পাসের পদক্ষেপ আটকে যায় ডেমোক্র্যাটদের উপস্থিতি না থাকায়। বিল নিয়ে ভোটাভুটির জন্য হাউজের ১৫০ সদস্যের অন্তত দুই-তৃতীয়াংশ সদস্যর উপস্থিতি দরকার হয়।
কিন্তু ৫১ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতাই উড়োজাহাজ ভাড়া করে রাজ্য ত্যাগ করেন। তাদের সঙ্গে রাজ্য ছেড়ে যান সেনেটের ৯ ডেমোক্র্যাটও। ফলে বন্ধ হয়ে যায় ভোট প্রক্রিয়া। আইনে পরিণত হতে হলে বিলটি দুই কক্ষেই পাস হতে হবে।
মঙ্গলবার টেক্সাসের হাউজ ডেমোক্র্যাটিক ককাসের চেয়ারম্যান ক্রিস টুনার বলেছেন, “আমরা এ থেকে দূরে থাকতে চাই এবং এই অধিবেশন ও বিলের সমাপ্তি দেখতে চাই।” রাজ্য ছেড়ে যাওয়া ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা এখন কংগ্রেসে কেন্দ্রীয় পর্যায়ে সামগ্রিক একটি ভোটাধিকার আইন পসের জন্য ওয়াশিংটনে বসে লবিং করছেন।
ওদিকে, টেক্সাসে ভোটে নানা কড়াকড়ি থাকার মধ্যেই প্রস্তাবিত যে নতুন আইন পাসের চেষ্টা চলছে তার আওতায় ডাক ভোটসহ সাধারণ নাগরিকদের ভোটদানের প্রক্রিয়া বদলে যাবে। এতে করে ২৪ ঘণ্টার ভোটকেন্দ্রগুলো নিষিদ্ধ হওয়া এবং ডাকযোগে ভোটের জন্য নাগরিকদের নতুন করে পরিচয়পত্র দেওয়ার দরকার পড়বে।
তাছাড়া, এ আইনবলে নির্বাচনী কর্মকর্তারা ভোটে জালিয়াতির অভিযোগ পেলে ভোটের ফল উল্টে দেওয়ারও ক্ষমতা পেয়ে যেতে পারেন। রিপাবলিকানরা এ আইন নির্বাচনে নিরাপত্তার স্বার্থে করা হচ্ছে বলে যুক্তি দেখাচ্ছেন।
কিন্তু ডেমোক্র্যাটদের অভিযোগ, নতুন আইন করে রাজ্যের সর্বসাধারণের ভোট নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে । তারা একে ‘ভোটের অধিকার হরণের আইন প্রস্তাব’ বলে অভিহিত করেছেন এবং এর ফলে রাজ্যে ভোট দেওয়া কঠিন হয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন।
নতুন নির্বাচনী আইন পসের জন্য টেক্সাসের রাজ্য আইনসভার অধিবেশন চলতে পারে ৩০ দিন পর্যন্ত। তার মানে বর্তমান অধিবেশন শেষ হতে হবে ৭ অগাস্টে। কিন্তু গভর্নরের বিশেষ অধিবেশন ডাকার কোনও গন্ডি বেঁধে দেওয়া নেই। আর সেকারণে ডেমোক্র্যাটদের রাজ্যে ফিরে না এসে আইন পাস ঠেকিয়ে রাখা কতটুকু সম্ভব হবে তা নিয়ে সংশয় আছে।
কারণ, টেক্সাসের গভর্নর অ্যাবোট বর্তমান অধিবেশন শেষের পরও নির্বাচনী আইন পাস না হওয়া পর্যন্ত একের পর এক বিশেষ অধিবেশন ডেকেই যেতে পারেন।
