২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বাসে  বিস্ফোরণে ৯ চীনা প্রকৌশলীসহ নিহত ১৩

পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার আপার কোহিস্তান জেলার দাসু জলবিদ্যুৎ প্রকল্পে কাছে একটি বাসে বিস্ফোরণের পর সেটি পাহাড়ি খাদে পড়ে নয় চীনা প্রকৌশলীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2021, 03:51 PM

Updated : 07 Apr 2022, 11:21 PM

বুধবার স্থানীয় সময় সকালের এ ঘটনায় পাকিস্তানের দুই সৈন্যও নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। 

বিস্ফোরণটি রাস্তার পাশে পেতে রাখা বোমা না বাসটিতে রাখা কোনো বোমার কারণে ঘটেছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। 

পাকিস্তানের চীনা দূতাবাস এক বিবৃবিতে তাদের নয় নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে। 

খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জম আনসারি জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই সৈন্য ও দুই স্থানীয় লোক রয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। 

নাম প্রকাশ না করার শর্তে দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, “বিস্ফোরণের পর বাসটি একটি গভীর খাদে পড়ে যায়। উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে এয়ার অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেওয়ার জন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে।”

হেলিকপ্টারে করে ঘটনাস্থলের দিকে রওনা হওয়ার আগে পুলিশ কর্মকর্তা আনসারি বলেন, “নাশকতা বলে মনে হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখছে।”

একটি বিস্ফোরণ বাসটিতে আঘাত হেনেছে বলে অন্তত আরও তিন জন কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন।

পাকিস্তানের হাজারা অঞ্চলের একজন প্রশাসনিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ৩০ জনেরও বেশি চীনা প্রকৌশলীকে নিয়ে আপার কোহিস্তানের দাসু জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় যাচ্ছিল বাসটি।

চীনের ‘বেল্ট এন্ড রোড’ উদ্যোগের অধীনে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) অংশ এই দাসু জলবিদ্যুৎ প্রকল্প। বেশ কয়েক বছর ধরেই চীনা প্রকৌশলীরা ও পাকিস্তানি নির্মাণ শ্রমিকরা এই প্রকল্পটিতে কাজ করছেন।

এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিং এ বিস্ফোরণের নিন্দা করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্তের জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে। 

ঘটনাটি নিয়ে পাকিস্তানের কর্মকর্তারা প্রথম দিকে বিভ্রান্তিকর তথ্য দিলেও পরে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সংসদীয় কার্যক্রম বিষয়ক উপদেষ্টা বাবর আওয়ান দেশটির জাতীয় আইনসভায় একে ‘কাপুরুষোচিত হামলা’ অ্যাখ্যা দেন বলে জানিয়েছে ডন অনলাইন।

তিনি বলেন, এ ধরনের ঘটনা পাকিস্তান ও এর প্রতিবেশীদের নেওয়া বিশেষ উদ্যোগগুলো থেকে নজর অন্যদিকে সরাতে পারবে না।

হামলার নিন্দা জানিয়ে আওয়ান বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদকে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্রিফিং দেওয়ার অনুরোধ জানাবেন।