২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি বার্তায় সাড়া দিতে গিয়ে তালেবানের ফাঁদে আফগান কমান্ডোরা

আফগানিস্তানে ২০ বছর ধরে চলা লড়াই অসমাপ্ত রেখে বিদেশি বাহিনীগুলো চলে যাওয়ার পর কঠিন চাপে পড়েছে দেশটির সামরিক বাহিনী। বিভিন্ন জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে গিয়ে সাঁড়াশি আক্রমণের মুখে পড়তে হচ্ছে তাদের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2021, 02:15 PM

Updated : 07 Apr 2022, 11:21 PM

মঙ্গলবার ভোররাতে এ ধরনের এক পরিস্থিতিতে আফগান কমান্ডোদের সঙ্গে ছিলেন রয়টার্সের একজন সাংবাদিক, তার ভাষ্যে উঠে এসেছে ভয়াবহ পরিস্থিতির এক খণ্ড চিত্র।

মঙ্গলবার ভোররাতে ঘাঁটিতে ফেরার পরই ক্লান্ত একদল আফগান কমান্ডো জরুরি বার্তা পেয়ে দ্রুতগতিতে আবার বের হয়ে যান, কান্দাহারের শহরতলীতে তালেবান বিদ্রোহীদের ফাঁদে পড়া এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধারে রওনা হন তারা।

রয়টার্সের ওই সাংবাদিক জানান, আগের অভিযানটি উত্তেজনাপূর্ণ হলেও সেখানে পরিস্থিতি শান্ত ছিল, কিন্তু এবারের পরিস্থিতি তেমন ছিল না।

পুলিশ কর্মকর্তা আহমদ শাহ ১৮ ঘণ্টা ধরে যে চেকপোস্টটিতে আটকা পড়ে আছেন স্পেশাল ফোর্সের ৩০ থেকে ৪০ জন কমান্ডোকে বহনকারী এক লাইনে থাকা হামভি গাড়ির বহরটি সেদিকে এগোতেই স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের গুলির মুখে পড়ে।  

গাড়িবহরটি তা অগ্রাহ্য করে শাহের অবস্থানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়। এরমধ্যেই তড়িঘড়ি করে শাহকে একটি হামভিতে তুলে নেওয়া হয়।

এরপর শুরু হয় মুহুর্মুহু ভারী বিস্ফোরণ। গাড়িবহরের আটটি হামভির মধ্যে প্রথম তিনটিতে রকেট আঘাত হানে আর সেগুলো অচল হয়ে যায়। বিভ্রান্তির মধ্যেই অচল হামভিগুলোর কমান্ডোরা ট্রাকে ওঠার চেষ্টা করে।

এ সময় প্রায় চারদিক থেকে গুলি ছুটে আসতে থাকে, বাম দিকের একটি কবরস্থান থেকে আর ডান দিকে মোটা ইউক্যালিপটাস গাছগুলোর আড়াল থেকে।

এক পশলা গুলি হামভির ধাতুর বর্মে প্রতিহত হয়ে অনুরণন তোলে। হামভিগুলোর ওপরে থাকা গানাররা প্রায় অদৃশ্য সন্দেহভাজন তালেবান যোদ্ধাদের লক্ষ্য করে বেপরোয়াভাবে গুলি ছুড়তে থাকেন।

বাকি হামভিগুলোও বেশ কয়েকটি রকেট চালিত গ্রেনেডের আঘাত সহ্য করে। কমান্ডোতে ঠাসা গাড়িটির ভেতরে বিস্ফোরণের বিকট শব্দ প্রতিধ্বনিত হয় আর গাড়িগুলো ভীষণভাবে কেঁপে ওঠে।

এরমধ্যেই বহরটি গতি বাড়িয়ে এগিয়ে যায়। এ সময় রাস্তার মধ্যে গোলাগুলিতে আটকা পড়া এক বালক হাত দিয়ে কান চেপে গুটিশুটি মেরে নিজেকে আড়াল করার চেষ্টা করছিল।

বিদেশি সেনারা চলে যাওয়ার পর তালেবান যোদ্ধারা একের পর এক এলাকা দখল করে নিচ্ছে আর মঙ্গলবার ভোরের মতো পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে দেশটিতে সামরিক বাহিনীর প্রয়োজন কতোটা। 

বিদ্রোহীদের ‘হিট অ্যান্ড রান’ কৌশলের কারণে তাদের সঙ্গে লড়াই করা কঠিন হয়ে পড়েছে। যেখানে বেসামরিকের সংখ্যা অল্প সেখানে যুদ্ধবিমানগুলো কভার দিতে পারলেও শহর এলাকায় এ ধরনের কিছু করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

মঙ্গলবার কমান্ডোরা গাড়িবহর নিয়ে ঘাঁটি থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই কান্দাহার শহরের ট্র্যাফিক জ্যামে আটকা পড়ে, এরপর বহরটি মাত্র কয়েক মিনিট চলার পরই গুলির মুখে পড়ে।

এ ঘটনায় কমান্ডোদের কারও মৃত্যু হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে একটি গ্রেনেড বিস্ফোরণে পায়ে জখম নিয়েও বেঁচে গেছেন শাহ, কমান্ডোর তাকে উদ্ধার করতে পেরেছে।

শাহ জানিয়েছেন, ওই চেকপোস্টে তারা ১৫ জন পুলিশ সদস্য ছিলেন। তার সঙ্গীরা তালেবানের কাছে আত্মসমর্পণ করলেও তিনি করেননি।

বন্দুক ও গুলি থাকায় দুই দিন ধরে তিনি লড়াই চালিয়ে যেতে পেরেছেন বলে জানান। পরে কমান্ডোরা আসায় তিনি বেঁচে যান।

এদিকে ঘটনাস্থলে তখনও অচল তিনটি হামভি পড়েছিল। সেগুলো উদ্ধার করে আনার জন্য ফের অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন কমান্ডোরা।