যুক্তরাষ্ট্রের শার্লোটসভিল থেকে সরল বিতর্কিত ২ জেনারেলের ভাস্কর্য
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের শার্লোটসভিল শহর থেকে দেশটির গৃহযুদ্ধকালীন দুই কনফেডারেট জেনারেলের ভাস্কর্য সরিয়ে নেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, জেনারেল রবার্ট ই লি-র ভাস্কর্য উঠিয়ে একটি ট্রাকের ওপর রাখার পরই দর্শনার্থীরা উল্লাসে ফেটে পড়েন, তার মধ্যেই ট্রাকটি গুদামের পথে রওনা দেয়।
প্রায় চার বছর আগে লি-র এই ভাস্কর্যটিকে সরানোর পরিকল্পনা নিয়েছিল শহরটির কর্তৃপক্ষ। তখন এ পরিকল্পনার বিরোধিতা করে শ্বেতাঙ্গ বর্ণবাদীরা প্রতিবাদে নেমেছিল, ওই সময় বিরোধীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় এবং এরই এক পর্যায়ে এক নব্য-নাৎসি তার গাড়ি নিয়ে বিরোধীদের ওপর দিয়ে চালিয়ে দিলে হেদার হায়ার (৩২) নামের বর্ণবাদ-বিরোধী এক প্রতিবাদকারী নিহত হন।
২০১৭ সালের অগাস্টের ওই ঘটনার পর বিচারে হায়ারের হত্যাকারীরা আজীবন কারাদণ্ড হয়।
শনিবার লি-র ভাস্কর্য সরিয়ে নেওয়ার কিছুক্ষণ পর শহরটির আরেকটি পার্ক থেকে আরেকজন কনফেডারেট জেনারেল টমাস ‘স্টোনওয়াল’ জ্যাকসনের ভাস্কর্যও সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভাস্কর্যটি ট্রাকে উঠিয়ে নিয়ে রওনা হওয়ার পর এখানেও উৎসুক দর্শনার্থীরা উল্লাসে মাতে।
গৃহযুদ্ধের সময় দাসপ্রথার পক্ষে থাকা দক্ষিণের রাজ্যগুলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। দক্ষিণের কনফেডারেট পক্ষের নেতাদের সম্মান জানিয়ে বসানো এসব ভাস্কর্য দীর্ঘ দিন ধরেই দেশটিজুড়ে বিতর্ক সৃষ্টি করে আসছে। এসব ভাস্কর্যগুলো যু্ক্তরাষ্ট্রের সাম্প্রতিক বর্ণবাদ বিরোধী আন্দোলনগুলোর কেন্দ্র হয়ে উঠেছিল।
২০১৭ সালের ওই মারামারির কয়েক সপ্তাহ পর শার্লোটসভিল সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে জ্যাকসনের ভাস্কর্য সরিয়ে নেওয়া হবে বলে আদেশ জারি করে।
এই পরিকল্পনার বিরোধিতা করে সন্স অব কনফেডারেট ভেটেরান্সের ভার্জিনিয়া বিভাগের সদস্যরা আদালতে শার্লোটসভিল নগর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে। এপ্রিলে দেওয়া রায়ে ভার্জিনিয়ার সর্বোচ্চ আদালত নগর কর্তৃপক্ষ দুটি ভাস্কর্যই সরাতে পারবে বলে জানিয়ে দেয়।
শুক্রবার দেওয়া এক বিবৃতিতে নগর কর্মকর্তারা জানিয়েছেন, এসব ভাস্কর্য নিয়ে কী করা হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত ভাস্কর্যগুলো গুদামে রাখা হবে।
শনিবারের ভাস্কর্য সরানোর পরিকল্পনা সামনে রেখে নগর কর্তৃপক্ষ সেখানে প্রতিরোধমূলক বেড়া বসায় পার্কের আশপাশে নো-পার্কিং জোন ঘোষণা করে।
